নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসা থামাতে টুইটারে আবেদন শঙ্কিত মিঠুন চক্রবর্তীর। ভোটের ফলাফল ঘোষণা হতেই একের পর এক হিংসার ঘটনা উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কোথাও বিজেপি, কোথাও আবার তৃণমূল কর্মী-সমর্থক, ভোটের পরেও খুন, বোমাবাজি, মারধরের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
আরও পড়ুনঃ রাজ্যে আংশিক লকডাউনের সুফল, উত্তরবঙ্গে নিয়ন্ত্রনে মারণ করোনা ভাইরাস।


বিভিন্ন মহল থেকে ভোট পরবর্তী হিংসা বন্ধের আবেদন আসছে রাজ্য প্রশাসনের কাছে। আর এবার টুইটারের মাধ্যমে একই ঘটনা নিয়ে মুখ খুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয় এই হিংসা থামানোর আবেদনও করেছেন রাজ্যবাসীর কাছে। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দেওয়া জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা টুইটারে লেখেন “ভোটের পরেও বাংলায় হিংসার আগুন জ্বলছে। দয়া করে এই হিংসা বন্ধ করুন। মানুষের জীবন রাজনীতির থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাঁদের পরিবারের কথা ভেবে এই হিংসা বন্ধ করুন।”
প্রসঙ্গত আজ বুধবার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের দিনই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে হেস্টিংসের কার্যালয়ের সামনে বিজেপি সভাপতি জে পি নাড্ডা ও রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ধর্নায় বসার কথা রয়েছে। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোট পরবর্তি হিংসায় তাঁদের কর্মী-সমর্থকদের মিলিয়ে মোট ৬ জন মারা গিয়েছে। তাঁদের মধ্যে একজন মহিলা ছিল বলেও দাবি। এই নিয়ে বিজেপির পক্ষ থেকে শাসকদলের দিকে আঙ্গুল তোলা হলেও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
রাজ্যে ভোট পরবর্তী হিংসা থামাতে টুইটারে আবেদন শঙ্কিত মিঠুন চক্রবর্তীর। এমন পরিস্থিতিতে দলের সদস্য মিঠুনের এই আবেদন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে ভোট পরবর্তী হিংসার শিকার সব দলই। রাজনৈতিক বিভিন্নতা থাকলেও তা কখনও কাম্য নয়।









