নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে বিজেপির পালে হাওয়া লাগাতে কলকাতায় উপস্থিত হলেন মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গে প্রচারের কথা রয়েছে তাঁর। তার আগে কলকাতায় এলেন মহাগুরু। আগামী পাঁচ দিন ধরে করবেন প্রচার।


মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। এরপর নিউটাউনের একটি আবাসনে উপস্থিত হন তিনি। সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গজুড়ে যে প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে চলছে বৈঠক।

সূত্রের খবর আজই পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন মিঠুন চক্রবর্তী। ২৭ নভেম্বর অবধি দক্ষিণবঙ্গ জুড়ে প্রচার সারবেন তিনি। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে একাধিক সভা করার কথা রয়েছে তাঁর। বিজেপি সূত্রে খবর, এই বিস্তীর্ণ এলাকায় কয়লা পাচার ও গরু পাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। যার জেরে এখনও অবধি জেলবন্দি রয়েছেন অনুব্রত মণ্ডল। এই সমস্ত ইস্যুকে সামনে রেখে শাসক দলকে তুলোধনা করতে পরিকল্পনা নিয়েছেন মহাগুরু।
বিজেপি সূত্রে খবর, মূলত বুথ স্তরের ও ব্লক স্তরের কর্মীদের ফেরাতে এবং মুষড়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। আজ থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি। পঞ্চায়েত নির্বাচনের আগে মিঠুন হবেন বিজেপির ট্রাম্প কার্ড?


কলকাতায় এলেন মহাগুরু, আগামী পাঁচ দিন ধরে বিরাত কর্মসূচি

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেছিলেন মহাগুরু। তারপর বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচার করেছেন একাধিক জায়গায়। এরপর দীর্ঘ সময় একাধিক কারণের জন্য রাজনীতি থেকে সরে ছিলেন তিনি। মাস খানেক আগে ফিরে বঙ্গ বিজেপির হয়ে প্রচার করতে দেখা গেছে তাঁকে। সম্প্রতি বিজেপির ঘোষিত কোর কমিটিতে জায়গা পান মিঠুন। সুকান্ত-শুভেন্দু-দিলীদের পরেই তাঁকে গুরুত্ব দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল, আগামী দিনে বঙ্গ বিজেপিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁকে।








