শাহর ‘১১০’ বনাম অভিষেকের ‘সেঞ্চুরি’, প্রথম দফা নিয়েই চরম তরজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথম দফার ভোট শেষ হতেই বাংলার রাজনীতিতে শুরু সংখ্যার লড়াই। একদিকে অমিত শাহ দাবি করেছেন, বিজেপি ১১০টির বেশি আসনে জয়ের পথে। অন্যদিকে পাল্টা আক্রমণে অভিষেক জানিয়ে দিলেন—তৃণমূল ইতিমধ্যেই ‘সেঞ্চুরি’ পার করেছে।

হাওড়ার জগৎবল্লভপুরের-এ নির্বাচনী সভা থেকে অভিষেক বলেন, “আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না। কিন্তু যখন করি, তা মিলে যায়। আমি বলছি—প্রথম দফাতেই তৃণমূল কংগ্রেস ১০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছে।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, শাসকদল নিজেদের অবস্থান নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

এই সভায় তিনি সমর্থন চান স্থানীয় প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় ও ডোমজুড়ের তাপস মাইতির জন্য। তবে বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল বিজেপিকে কড়া আক্রমণ। শাহকে নিশানা করে অভিষেক বলেন, “যাঁরা বলেছিলেন বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবেন, তাঁরা আজ বাংলার মাটিতে এসে হুমকি দিচ্ছেন। আমি শুধু বলেছি, ঠান্ডা জল খান… ৪ তারিখ বাংলায় থাকবেন, তখন দেখা হবে।”

প্রসঙ্গত, প্রথম দফার ভোটের পর থেকেই দুই শিবিরের দাবি পাল্টা দাবিতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল যেমন নিজেদের বিপুল জয়ের আশাবাদী, তেমনই বিজেপিও সমান আত্মবিশ্বাসে ফলের দাবি করছে।

অভিষেক এ-ও জানান, প্রথম দফার ভোটের দিন গভীর রাত পর্যন্ত তিনি কন্ট্রোল রুমে বসে ১৬টি জেলার ভোট পর্যবেক্ষণ করেছেন। তাঁর কথায়, “প্রথম দফাতেই ওদের দফারফা হয়ে গিয়েছে।”

এখন নজর দ্বিতীয় দফার ভোট এবং শেষ পর্যন্ত ফল ঘোষণার দিকে। বাস্তবে কার অঙ্ক মেলে—শাহ না অভিষেক—তার উত্তর মিলবে ৪ মে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত