নজরবন্দি ব্যুরো: আগের চেয়ে অনেকটাই সুস্থ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুসফুসের যে সংক্রমণ নিয়ে তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাও কমে গিয়েছে। বুধবার বুদ্ধবাবুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। তাই এবার শুরু হয়েছে ঘরে ফেরার তোড়জোড়। বাড়ি ফিরেও চিকিৎসার মধ্যেই থাকতে হবে তাঁকে। তাই মঙ্গলবারই উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম পৌঁছল বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।
আরও পড়ুন: বোসে বোসে বাগযুদ্ধ! রবীন্দ্র প্রয়াণ দিবসে রাজ্যপালকে ‘চরম’ কটাক্ষ ব্রাত্যর


হাসপাতাল সূত্রের খবর, বাড়ি ফিরলেও বুদ্ধদেব ভট্টাচার্য বাইপ্যাপ সাপোর্টে থাকবেন। পরানো থাকবে রাইলস টিউবও। সেই কারণে আজ বুদ্ধবাবুর বাড়িতে উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম গেল। সমস্ত রকম ব্যবস্থাপনা ঠিকঠাক রয়েছে কিনা, তা সরেজমিনে খতিয়ে দেখবেন এই হোম কেয়ার টিমের সদস্যরা। সোমবার বুদ্ধবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নেয় যে, বুধবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে। কারণ, তাঁর রক্ত পরীক্ষার সব রিপোর্ট সন্তোষজনক বলেই মনে করেছেন চিকিৎসকরা।
রাইলস টিউব পরানো থাকলেও তাঁকে মুখ দিয়ে তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। চলছে ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বাড়ি ফিরলেও চলবে সেই প্রক্রিয়া। বাড়িতে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটর, ব্যবিস্থা রাখতে হবে নেবুলাইজারের। পাশাপাশি, জীবাণুমুক্ত করা হচ্ছে বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট।


![]()
বিগত দু’দিন ধরে বুদ্ধবাবুর অ্যান্টিবায়োটিক বন্ধ করেছেন চিকিৎসকেরা। তারপরেও সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাঁটাচলা করানোর চেষ্টা চলছে। রবিবার গুনগুন করে রবীন্দ্র সংগীতও নাকি গেয়েছেন বুদ্ধবাবু, বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘরে ফেরার তোড়জোড় শুরু, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বুদ্ধবাবুর বাড়িতে মেডিক্যাল টিম








