শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন নোবলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। এদিকে, সে দেশের নানান জেলায় মন্দির ও ইসকন ভেঙে ফেলা হয়েছে এই অভিযোগে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন হিন্দুরা। সকলকে আশ্বস্ত করলেন ইউনুস। তিনি পরিষ্কার জানালেন, হিন্দুরা আমার ভাই।
সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবীতে জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা অগস্টে গণান্দোলনের রূপ নেয়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। বোন রেহানাকে নিয়ে কার্যত তিনি পালিয়ে দেশ ছাড়েন। এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন ভারতে। হাসিনার পদত্যাগের পরেই বিরোধীদের বিজয়োল্লাস হিংসাত্মক রূপ নেয়।
গণভবনের দখল নেয় আন্দোলনকারীরা। লুটপাট করে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়। বিকৃত চিত্রও প্রকাশ্যে আসে। হাসিনার অন্তর্বাস কহাতে নিয়ে উল্লাসে লাফাতে থাকেন বিক্ষোভকারীরা। ছাগল, মুরগি, হাঁস থেকে শুরু করে দামি ট্রলি ব্যাগ, ছবি, টিভি, এসি সব হাতে করে বাড়ি নিয়ে চলে আসেন তাঁরা। ভেঙে ফেলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একাধিক মূর্তি। যে দৃশ্য দেখে নিন্দায় সরব হয়েছেন অনেকেই।
অন্যদিকে, সংখ্যালঘুদের প্রতি অত্যাচার চলছেই। ঢাকা, চিটাগং সহ একাধিক জায়গায় পথে নেমেছেন হাজার হাজার হিন্দু। তাঁদের দাবী, সুরক্ষা। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও। সংখ্যালঘুরা নিজের মাতৃভূমি ত্যাগ করতে চাননা। হামলাকারীদের কড়া বার্তাও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস।
তিনি বলেছেন, “সংখ্যালঘুদের ওপর হামলা খুবই জঘন্য কাজ। যাঁদের উপর হামলা হচ্ছে তাঁরা কি এদেশের মানুষ নয়? আপনারা যখন দেশকে বাঁচাতে পেরেছেন তখন কিছু পরিবারকে বাঁচাতে পারবেন না? আপনাদেরকেই গলা তুলে বলতে হবে যাতে এই মানুষগুলো কেউ ক্ষতি করতে না পারে। তাঁরা সকলে আমার ভাই। আমরা একসাথে লড়াই করেছি, আমরা একসঙ্গেই থাকব।”



