ভারতের গাড়ি শিল্পে আরও এক বড় বিনিয়োগের সাক্ষী হতে চলেছে দেশ। তিন দিনের ভারত সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি (Sanae Takaichi) বৃহস্পতিবার হরিয়ানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সঙ্গে যৌথভাবে মারুতি (Maruti Suzuki)-র নতুন গাড়ি কারখানার উদ্বোধন করবেন। ভারতের অটোমোবাইল শিল্পে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ বিনিয়োগ হিসেবে এই প্রকল্পকে দেখা হচ্ছে, যা ভারত-জাপান অর্থনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করবে।
বুধবার নয়াদিল্লি (New Delhi)-তে পৌঁছন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরকে ঘিরে কূটনৈতিক ও শিল্প মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হরিয়ানা (Haryana)-য় মারুতি সুজুকির (Maruti Suzuki) নতুন উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি এবং সানায়ে তাকাইচি। এই কারখানা চালু হলে দেশের গাড়ি উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের অটোমোবাইল খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান তৈরি এবং রপ্তানির সম্ভাবনাও আরও শক্তিশালী হবে।
ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও শিল্প সহযোগিতার সম্পর্ক রয়েছে। মারুতি সুজুকির নতুন কারখানার উদ্বোধন সেই সম্পর্ককে আরও গভীর করবে বলেই মনে করা হচ্ছে। দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে এই সফর এবং এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।






