মহুয়া মৈত্রকে ঘিরে নতুন বিতর্ক! ক্যামেরার সামনেই গালিগালাজ, বিজেপিকে কটূক্তি, ভাইরাল ভিডিও

কালীগঞ্জে বিক্ষোভের মুখে পড়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপিকে উদ্দেশ্য করে মহুয়া মৈত্রের মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। ঘটনাকে ঘিরে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মহুয়া মৈত্র (Mahua Moitra)-কে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। নদিয়ার (Nadia) কালীগঞ্জে বিক্ষোভের মুখে পড়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে তাঁর করা মন্তব্যের একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বুধবার কালীগঞ্জ (Kaliganj)-এ তৃণমূলের কর্মিসভায় যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগরের (Krishnanagar) সাংসদ মহুয়া মৈত্র। স্থানীয় বিধায়ক আলিফা আহমেদ (Alifa Ahmed)-এর বাড়িতে থাকা দলীয় কার্যালয়ে সভা চলাকালীন বাইরে একদল বিক্ষোভকারী কালো পতাকা হাতে জড়ো হন। সেখানে ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে।

অভিযোগ, বিক্ষোভ চলাকালীন মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম, কাদা, বেগুন এবং পাথর ছোড়া হয়। একটি ডিম তাঁর গায়েও লাগে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি দীর্ঘক্ষণ আলিফা আহমেদ (Alifa Ahmed)-এর বাড়ির ভিতরেই আটকে ছিলেন।

পরবর্তীতে সমাজমাধ্যমে কয়েকটি ভিডিও পোস্ট করে মহুয়া মৈত্র অভিযোগ করেন, তাঁকে এবং দলীয় কর্মীদের দীর্ঘ সময় বাইরে বেরোতে দেওয়া হয়নি। তাঁর দাবি, বিক্ষোভকারীরা বিজেপি সমর্থক এবং গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রায় দেড় ঘণ্টা পরে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাঁকে বিক্ষোভ এবং ডিম ছোড়ার ঘটনা নিয়ে প্রশ্ন করেন। সেই সময় বিজেপিকে উদ্দেশ্য করে তিনি একাধিক কটূক্তি করেন, যা ক্যামেরায় ধরা পড়ে। পরে সেই ভিডিওই বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও জোরদার হয়েছে। একদিকে শাসকদল বিক্ষোভের জন্য বিরোধীদের দায়ী করছে, অন্যদিকে বিরোধী শিবিরও মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে সরব হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও এবং কালীগঞ্জের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আপাতত থামার কোনও লক্ষণ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন