উত্তরবঙ্গ সফর সেরে বৃহস্পতিবার নদীয়ায় সভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর শান্তিপুরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mohua Moitra) পক্ষে আওয়াজ তুললেন দলের সুপ্রিমো। সাফ জানালেন, আগামী লোকসভা নির্বাচনে (Loksabha Elelction 2024) কৃষ্ণনগর কেন্দ্র থেকে মানুষের ভোটে জিতবে মহুয়া। অর্থাৎ, লোকসভায় কৃষ্ণনগরে মহুয়া মৈত্রই যে টিকিট পাবেন, আরও একবার স্পষ্ট করলেন মমতা। উল্লেখ্য, ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ।
আরও পড়ুন: জেলে ভরলে জেল ফুটো করে বেরিয়ে আসব! বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ মমতার


এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‘ওরা মহুয়াকে কেন তাড়িয়েছে জানেন? কারণ, মহুয়া মানুষের কথা বলেছিল। আমরা মহুয়ার পাশে আছি। এই ঘটনা থেকে বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আরও এক বার প্রমাণিত হল। মহুয়াকে (Mohua Moitra) আত্মপক্ষ সমর্থন করে কিছু বলার সুযোগই দেওয়া হল না। আমি এর তীব্র বিরোধিতা করছি।’’

প্রসঙ্গত, সংসদে ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ করার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন মহুয়া মৈত্র (Mohua Moitra)। খোয়া গিয়েছে তাঁর দিল্লির সাংসদ বাংলো। মহুয়ার বিরুদ্ধে প্রথমে এই অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। মদত দেন মহুয়ার প্রাক্তন প্রেমিক জয় অনন্ত দেহাদ্রাই।



অভিযোগ ছিল, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির কাছ থেকে টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করেছেন মহুয়া (Mohua Moitra)। নিজের এমপি লগ-ইন পাসওয়ার্ডও তিনি দিয়েছেন সেই ব্যক্তিকে। এরপর লোকসভার এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে রিপোর্ট দেখে সন্তুষ্ট হয় এবং তাঁকে বহিষ্কার করেন লোকসভার স্পিকার ওম বিড়িলা।
কৃষ্ণনগরে মহুয়াই জিতবে, বহিষ্কৃত সাংসদের পক্ষে সরব মমতা

পাশাপাশি, বিজেপির নাম না করে তৃণমূলনেত্রী চাঁচাছোলা ভাষায় বলেন, ‘‘আমরা চোর আর আপনারা সব সাধু? মানুষের টাকা লুট করে বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসির আওয়াজ বেশি। আমাদের ছেলেমেয়েরা কেউ চোর না। হাতের পাঁচটা আঙুল সমান হয় না। তাই বলে হাত কেন কেটে দিতে হবে?’’







