নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোটের আগেই নাকি গ্রেফতার করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে! ফোনে মেসেজ পেয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়? সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে এমনই চাঞ্চল্যকর কথা শোনা গেল নেত্রীর গলায়। ব্যাপারটা ঠিক কী?


তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার মেয়ো রোডের জনসভায় হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘‘এত প্রতিশোধপন্থী সরকার আমি আগে কখনও দেখিনি। সে দিন আমার ফোনে একটা মেসেজ পাঠিয়েছে। অভিষেককে নাকি ভোটের আগে গ্রেফতার করে নেবে।’’
দিন কয়েক আগেই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থায় ইডি তল্লাশি নিয়ে সরগরম রাজনৈতিক মহল। তল্লাশিতে গিয়ে নাকি সংস্থার কম্পিউটারে কিছু ফাইল ডাউনলোড করেছেন ইডি আধিকারিকরা। এই অভিযোগে লালবাজারের দ্বারস্থ হয়েছেন সংস্থার কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়। আজ সেই প্রসঙ্গেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।



প্রতিশোধপন্থী সরকার! গ্রেফতার হতে চলেছেন অভিষেক? কী বললেন মমতা?

তিনি বলেন, ‘‘ওদের কম্পিউটারে যা ছিল, নিয়ে নিয়েছে। কাউকে না জানিয়ে ইচ্ছামতো কাজ করেছে। বাইরে থেকে ফাইল ডাউনলোড করে কম্পিউটারে ঢুকিয়ে দিয়েছে।’’ ইডির উদ্দেশে মমতার বক্তব্য, ‘‘তোমরা যদি কম্পিউটারে ওস্তাদ হও, আমরাও ওস্তাদ। ঠিক তথ্যটি বার করে নিয়েছি। আমরা ঠিক বুঝতে পেরেছি, তোমরাই ওই ফাইল ডাউনলোড করেছো। তার পরে থানায় ডায়েরি করা হয়েছে। যিনি ডায়েরি করেছেন, তাঁকেও গ্রেফতার করে নেবে বলেছে। সকলকে গ্রেফতার করতে করতে একদিন জেলটা তোমাদের লোকেই ভরে যাবে!”








