‘একটাও বাড়ি বাদ নয়’—ভোটার তালিকা শুনানির আগে বিএলএদের কড়া নির্দেশ মমতার

ভোটার তালিকার শুনানি শেষের আগে বিএলএ-২দের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ মমতার, ‘কোনও রাস্তা-গলি বাদ নয়’ বার্তা দিয়ে সংগঠনকে ম্যান মার্কিংয়ে নামালেন তৃণমূল নেত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকা সংশোধনের গুরুত্বপূর্ণ পর্বের আগে সংগঠনকে চূড়ান্ত সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট নির্দেশ—কোনও রাস্তা, কোনও গলি, কোনও বাড়ি যেন বাদ না যায়। যাঁদের ম্যাপিং হয়নি, তাঁদের খুঁজে বের করে শুনানির আওতায় আনতে হবে। কার্যত ‘ম্যান মার্কিং’ কৌশলেই মাঠে নামতে বললেন তৃণমূল সুপ্রিমো।

মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে কাউন্সিলরদের পাশাপাশি বিএলএ-২দের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি বুথ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়ার নির্দেশ দেন তিনি।

মমতার নির্দেশ, যাঁদের এখনও ম্যাপিং হয়নি, তাঁদের বিশেষভাবে চিহ্নিত করতে হবে। কারও শুনানি বাকি থাকলে তা দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে। নতুন ভোটারদের নাম যেন কোনওভাবেই বাদ না যায়, সে দিকেও নজর দিতে বলেন তিনি।

বর্তমানে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার শুনানি চলছে, যা ১৪ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। তার আগে এই কয়েক দিন বিএলএ-২দের বাড়ি বাড়ি গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআইআর প্রক্রিয়া নিয়ে আগেই তৃণমূলের তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছে। দলের দাবি, বেছে বেছে মহিলাদের টার্গেট করা হচ্ছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এমন অভিযোগে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে, যেখানে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।

এই পরিস্থিতিতেই শুনানি শেষ হওয়ার আগে সংগঠনকে আরও সক্রিয় করতে বিএলএ-২দের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখানে প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছনোর নির্দেশ দিয়ে তিনি কার্যত মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানোর বার্তা দেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন