দীর্ঘ দু’বছরের জেলবন্দি জীবন কাটিয়ে সোমবার মুক্তি পেতে চলেছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আজই তিনি বোলপুরের বাড়িতে ফিরবেন। এদিকে আবার দু’দিনের জন্য বর্ধমান ও বীরভূমে প্রশাসনিক সভা করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজনৈতিক মহলে জল্পনা, মঙ্গলবার হয়তো অনেকদিন পর মমতার সঙ্গে দেখা হতে পারে অনুব্রতর।
গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গত বৃহস্পতিবার তাঁকে জামিন দিয়েছে আদালত। কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তিনি জেল থেকে ছাড়া পাননি। অবশেষে সোমবার তিহাড় জেল থেকে ছাড়া পেতে পারেন অনুব্রত। এর আগে জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল।


সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রায়না-২ নম্বর ব্লকে বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া অন্যান্য ব্লকের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। তবে মুখ্যমন্ত্রী বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন কি না, তা নিয়ে এখনও কোনও খবর নেই জেলা প্রশাসনের কাছে। বিকেলেই দুর্গাপুরে যাবেন মমতা। সেখানেই রাতে থাকবেন তিনি।
অনুব্রত মণ্ডল বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই স্নেহের পাত্র। তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, দলের অন্যান্য নেতার তুলনায় কেষ্টকে কিছুটা হলেও অন্য চোখে দেখেন মমতা। তাই তাঁর গ্রেফতারির পর তৃণমূলনেত্রী সাফ বলেছিলেন, “কেষ্টকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো।” অবশেষে, তিনি ফিরছেন এখন মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হবে কিনা, সেই প্রশ্নের উত্তর দেবে সময়।









