নজরবন্দি ব্যুরোঃ আজ মমতার কন্যাশ্রী দিবস, রাজ্যের সকল মেয়েদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য গত কয়েক বছর ধরে সাহায্য করেছে এই প্রকল্প। মেয়েদের পড়াশোনার জন্য, নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য ভাতা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুনঃ বার-রেস্তোরাঁ খোলার সময়সীমা বাড়লো, নয়া নির্দেশিকা রাজ্যের


বাংলার মসনদে ক্ষমতায় বসেই ২০১৩ সালে মমতা শুরু করেছিলেন ‘কন্যাশ্রী’ প্রকল্পের। প্রথমে রাজ্যে ব্যাপক সাড়া পায় এই প্রকল্প, তার পরে দেশ বিদেশেও ছড়িয়ে পড়েছে খ্যাতি। ৪ বছরেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। ২০১৭ সালে এই প্রকল্পের জন্য রাষ্ট্রসংঘ থেকে পুরষ্কার নিয়ে আসেন মমতা।

রাজ্য সরকারের সমীক্ষা অনুযায়ী এখনো পর্যন্ত ৭৩ লক্ষ মেয়ে এই প্রকল্পের আওতায় এসেছে। রাজ্যের বাকি রাজনৈতিক দলের এমনকি মমতা সরকারের বাকি সব প্রকল্পকে পিছনে ফেলে এত বছর ধরে শীর্ষে রয়েছে এই প্রকল্প। জাতীয় স্তরের সমীক্ষায় জানানো হয়েছিল বাংলায় এই মুহুর্তে স্কুলে নামের তালিকায় ছাত্র সংখ্যা থেকে বেশি ছাত্রী সংখ্যা। কারণ হিসেবে উঠে এসেছিল কন্যাশ্রী প্রকল্পের কথাও। তৃতীয় বার বাংলার মমতা সরকার প্রতিষ্ঠা হওয়ার পিছনেও সকলেই কন্যাশ্রী, রুপশ্রী প্রকল্পের কথা বলেছিলেন।
সাফল্যের ৮ বছর, আজ মমতার কন্যাশ্রী দিবস।

এই প্রকল্পের কারণে মেয়েদের স্কুলছুটের হার কমেছে রাজ্যে। আজ মমতার কন্যাশ্রী দিবস। রাজ্যের সকল মেয়েদের সাফল্য উদযাপন করে মুখ্যমন্ত্রী ট্যুইট করে লিখেছেন, ‘কন্যাশ্রী দিবসে বাংলার প্রতিটি মেয়ের সাফল্য উদ্যাপন করছি। তাদের কৃতিত্ব, উৎসাহ ও নিষ্ঠার জন্য আমি গর্বিত। কন্যাশ্রী প্রকল্প রাজ্যের লাখ লাখ কিশোরীর স্বপ্নপূরণে সাহায্য করেছে। মেয়েদের ক্ষমতায়ণের জন্য সব সময় আমাদের কাজ করে যাওয়া উচিত।’










