একদিকে যখন চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ঠিক সেই সময়ই বনগাঁয় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করলেন তিনি। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ জানালেন, চলতি লোকসভা নির্বাচনে ক’টা আসন পেতে পারে বিজেপি।
আরও পড়ুন: চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা
মমতার কথায়, “এই তিন দফা নির্বাচন দেখেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপি হারছে। তাই মুখটা কেমন যেন শুকিয়ে গিয়েছে। আমি বলছি, আপনি আর থাকছেন না। দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার গড়বে। এখনও পর্যন্ত হিসাব বলছে, বিজেপি ২০০-ও পার করবে না। বড়জোর ১৯৫। আর আমরা সবাই পাব ৩১৫।”

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “এখানে আসছে আর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে! বলছে বাড়ি বাড়ি জল দিয়েছি। সম্পূর্ণ মিথ্যে কথা। রাজ্য সরকার জলের ৭০ শতাংশ টাকা দেয়। আর বাংলা থেকে জিএসটি-র টাকা নিয়ে পুরো টাকাটাই দিল না! বাংলার বাড়ির টাকা দেয়নি, ১০০ দিনের কাজের টাকা দেয়নি। কিচ্ছু দেয়নি। নো গ্যারান্টি সরকার।”

তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার
বনগাঁয় মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। যে কারণে মমতা বলেন, ‘‘মতুয়াদের প্রতি যদি মোদির এত ভালবাসা, তবে তাঁদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন মোদী? ফর্ম ফিল আপ করতে বলছেন না কেন? এমনিই দিয়ে দিন। করবে না। আপনারা এখানকার যে বিজেপি প্রার্থী তাঁকে বলুন আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে। দেখবেন করবে না। কেন করেনি? তার কারণ তিনি বিদেশি হয়ে যাবেন। কেউ করেনি। আসলে এটা একটা চক্রান্ত।’’




