বুধবার বালিগঞ্জ থেকে হাজরা মিছিলের অনুমতি পেলেন মমতা, হাই কোর্ট বেঁধে দিল একাধিক শর্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার কলকাতার রাস্তায় মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটপন্থী তৃণমূলের (TMC) আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) মিছিলের অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে বেশ কিছু কড়া শর্তও বেঁধে দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharya) বেঞ্চ জানিয়েছে, বুধবার ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন সাধারণ মানুষের জন্য খোলা রাখতে হবে। মিছিলের সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। অংশগ্রহণকারীর সংখ্যাও ১,০০০ জনের মধ্যে সীমিত রাখতে হবে।

কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল, বুধবার তাদের যে মিছিল করার পরিকল্পনা, তাতে পুলিশ অনুমতি দিচ্ছে না। মিছিলটি আদৌ বারুইপুরকাণ্ডের প্রতিবাদে কি না, তা স্পষ্ট নয়। তবে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। এই অবস্থায় আদালতের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। হাই কোর্টে বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন দলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandyopadhyay)। মামলা দায়েরের অনুমতি পেতেই এ বার শর্তসাপেক্ষে মিছিলের ছাড়পত্র দিল আদালত।

- Advertisement -

এর আগে সোমবার বারুইপুরকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কালীঘাটে নিজের বাসভবনের সামনে থেকে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি। বাড়ি থেকে বেরোতেই গলির মুখে তৃণমূলনেত্রীর মিছিল আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সেই বাধা ও ব্যারিকেড টপকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের (Harish Chatterjee Street) মূল রাস্তায় পৌঁছে যান মমতা এবং তাঁর সঙ্গী-অনুগামীরা। সোমবার দুপুরে মমতার তরফে বারুইপুরে গিয়েছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen), প্রতিমা মণ্ডল (Pratima Mondal) ও প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

নির্বাচন-পরবর্তী সময়ে দলের ভরাডুবির মধ্যে হকার উচ্ছেদের বিরোধিতাতেও রাস্তায় নেমেছিলেন মমতা। কিন্তু সেখানে হাতেগোনা কয়েকজন নেতা-কর্মী ছাড়া তেমন কাউকে দেখা যায়নি। এই পরিস্থিতিতে বুধবার ফের পথে নামতে চাইছে কালীঘাট তৃণমূল। আদালতের শর্ত মেনে মিছিল কেমন হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর