২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নজরকাড়া ঘটনা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকি এবার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও স্বাস্থ্য দফতরের প্রশংসা করলেন। বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কারণ তিনি বিরোধী কণ্ঠ হিসেবে পরিচিত হলেও, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ বাড়াতে রাজ্য সরকারের পদক্ষেপকে স্বাগত জানালেন নির্দ্বিধায়।
স্বাস্থ্য দফতর সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১ এপ্রিল ২০২৫ থেকে রাজ্যের রক্তদান শিবিরগুলিতে রক্তদাতাদের জন্য টিফিন বাবদ বরাদ্দ অর্থ ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা করা হবে।



এই ঘোষণার পরই নওশাদ বলেন, “বিভিন্ন সমাজকল্যাণমূলক সংগঠনের দাবি ছিল রিফ্রেশমেন্ট খরচ বাড়ানোর। আমি তা বিধানসভায় তুলে ধরেছিলাম। সরকার সেই দাবি মানায় আমি স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য দফতরকে ধন্যবাদ জানাই।”
রাজনীতির নতুন সমীকরণ? নওশাদ সিদ্দিকির মুখে সরকারের ভূমিকায় এতটা প্রশংসা নতুন বার্তা বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বিশেষত, যেখানে তিনি অতীতে রাজ্য সরকারের নানা বিষয়ে কড়া সমালোচনা করেছেন, সেখানে এখন তাঁর কণ্ঠে সরকারের প্রশংসা ২০২৬ সালের আগে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হতে পারে।
তিনি আরও বলেন, “এটা আমার একার দাবি নয়। যারা বছরের পর বছর ধরে রক্তদান শিবির করে আসছেন, তাদের কথা ভেবেই এই দাবি তোলা হয়েছিল। করোনা অতিমারির সময় যেসব সংগঠন অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের প্রতি এটা সরকারের স্বীকৃতি।”


রক্তদাতাদের জন্য বরাদ্দের ইতিহাস: এর আগে ২০২৩ সালে রক্তদাতাদের জন্য বরাদ্দ খরচ ২৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছিল। তার আগে ২০১৪ সালে ২০ টাকা থেকে বাড়িয়ে তা ২৫ টাকা করা হয়েছিল। এ বার ৫০ টাকা থেকে দ্বিগুণ করে ১০০ টাকা করা হল। এই ক্রমবর্ধমান বরাদ্দ রক্তদাতাদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও কৃতজ্ঞতা প্রকাশ বলেই মনে করা হচ্ছে।
চৈত্র-বৈশাখে রাজ্যে রক্তের চাহিদা অনেক বেড়ে যায়। তাই এই বরাদ্দ বৃদ্ধি শুধু সামাজিক কল্যাণমূলক নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



