প্রবল বৃষ্টির জেরে ভূমিধস, বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকায় নেমেছে ভূমিধস। যার জেরে বিপর্যস্ত জনজীবন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকায় নেমেছে ভূমিধস। যার জেরে বিপর্যস্ত জনজীবন। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবার আগে ফের একবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতা নিয়ে সরব হলেন তৃণমূলনেত্রী।

দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ! বন্যা পরিস্থিতি বহাল বাংলায়। কিছুদিন আগেই দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক জেলায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর গন্তব্য উত্তরবঙ্গ। ইতিমধ্যেই প্রশাসনকে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে মানুষদের। পাশাপাশি, আজ উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তারপর আরও বেশ কিছু সরকারি পদক্ষেপ সম্পর্কে জানা যাবে।

দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি ডিভিসি এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির জন্যও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি। মমতার কথায়, “ফারাক্কা ব্যারেজে ঠিক মত ড্রেজিং করে না কেন্দ্র সরকার। সেই কারণেই পলি জমে গিয়েছে। ব্যারেজের জলধারণ ক্ষমতা কমছে। একটা টাকাও কেউ দেয়নি। বাংলার খোঁজ পর্যন্ত নেয়নি!”

সঙ্গে তিনি আরও বলেন, “নেপাল থেকে জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। তাই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় জল জমে যাচ্ছে। ফারাক্কা ব্যারেজের ড্রেজিং-এর জন্য কিচ্ছু করেনি কেন্দ্র সরকার। শুধু নির্বাচনের সময় আসবে আর বড় বড় কথা বলে চলে যাবে!”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত