বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক গতি বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রের খবর, ভোটের আগে সরকারের তিনটি প্রকল্প ও কর্মসূচিকেই মূল হাতিয়ার করতে চাইছেন Mamata Banerjee। মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি যুক্ত ‘বাংলার বাড়ি’, ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া – আমাদের সমাধান’—এই তিন প্রকল্পের বাস্তব রূপায়ণে কোনও খামতি রাখতে নারাজ তিনি।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই তিন প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ইতিমধ্যেই জেলাশাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোথায় কী সমস্যা হচ্ছে, কোথায় কাজের গতি কম—সব কিছু খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, ভোটের আগে যেন উন্নয়নের সুফল সরাসরি মানুষের ঘরে পৌঁছয়।


মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকেও এই বিষয়েই জোর দেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ থেকে ২৫ মিনিটের ওই বৈঠকে তিনি স্পষ্ট করে জানান, এই তিন প্রকল্পে যেন প্রশাসনিক ঢিলেমি না থাকে। বিশেষ করে ‘আমাদের পাড়া – আমাদের সমাধান’ কর্মসূচির শিবিরে অনেক জায়গায় পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ আসছে বলে জেলাশাসকদের সতর্ক করেন তিনি। এমন অভিযোগ পেলেই দেরি না করে দ্রুত সমস্যার সমাধানে নামার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে যোগ্য উপভোক্তারা যেন কোনও ভাবেই বঞ্চিত না হন, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। সরকারি অনুদান পেতে যাতে সাধারণ মানুষকে অযথা সমস্যায় পড়তে না হয়, সেই দায়িত্ব প্রশাসনের—এ কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাস্তার বেহাল দশা নিয়েও কড়া বার্তা এসেছে নবান্ন থেকে। যে সব এলাকায় রাস্তাঘাটের অবস্থা খারাপ, সেখানে ‘পথশ্রী’ প্রকল্পের আওতায় দ্রুত মেরামতির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর যুক্তি, একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে নতুন প্রকল্প বা অতিরিক্ত বরাদ্দের সুযোগ থাকবে না। তাই সময় নষ্ট না করে এখনই কাজের গতি বাড়াতে হবে।


সব মিলিয়ে ভোটের আগে প্রশাসনকে মাঠে নামিয়ে উন্নয়নকেই রাজনৈতিক বার্তা হিসেবে তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী। নবান্নের এই নির্দেশকে অনেকেই দেখছেন ভোটের আগে ‘ফাস্ট ট্র্যাক’ শাসনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে।








