উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই সামনে এল বড়সড় পরিবর্তনের ছবি। খসড়া তালিকার তুলনায় ৮৪ লক্ষের বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে, যদিও সামগ্রিকভাবে আগের তালিকার তুলনায় প্রায় ২ কোটিরও বেশি ভোটার কমেছে—যা ঘিরে শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক আলোচনা।
শুক্রবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। তিনি জানান, সমস্ত প্রক্রিয়া আইন মেনে এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কোনও যোগ্য ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি।
গত ৬ জানুয়ারি প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি ৫৫ লক্ষ ৫৬ হাজার ২৫। আপত্তি, সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২। অর্থাৎ খসড়া তালিকার তুলনায় যুক্ত হয়েছে মোট ৮৪ লক্ষ ২৮ হাজার ৭৬৭ ভোটার।
তবে তুলনাটা যদি আগের পূর্ণাঙ্গ তালিকার সঙ্গে করা হয়, সেখানে ছবিটা ভিন্ন। এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার আগে উত্তরপ্রদেশে মোট ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২। নতুন তালিকায় সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩.৩৯ কোটিতে—অর্থাৎ প্রায় ২ কোটি ৪ লক্ষের বেশি ভোটার বাদ পড়েছে।
জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রয়াগরাজ, লখনউ, বরেলী, গাজিয়াবাদ এবং জৌনপুরে সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের মতে, ভোটার সচেতনতা অভিযান এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে ব্যাপক প্রচারের ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে।
এছাড়া, কোনও যোগ্য নাগরিকের নাম যদি এখনও তালিকায় না থাকে, তবে ফর্ম ৬ পূরণ করে আবেদন করার সুযোগ রয়েছে। চূড়ান্ত তালিকা নিয়ে আপত্তি থাকলে আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে জানাতে বলা হয়েছে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নাম যাচাই করারও পরামর্শ দেওয়া হয়েছে ভোটারদের।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও একই ধরনের এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেখানে ইতিমধ্যেই একাধিক দফায় চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়ার তথ্য সামনে এসেছে।



