তৃণমূলের শাসনকালে রাজ্যে খেলা, মেলা ও উৎসবের সংখ্যা বেড়েছে—এই অভিযোগ নতুন নয়। বিরোধীদের কটাক্ষের পাশাপাশি সম্প্রতি তৃণমূলের অন্দরেও সেই প্রশ্ন তুলেছিলেন দলের প্রবীণ সাংসদ সৌগত রায়। সেই আবহেই বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের উদ্বোধনী মঞ্চ থেকে খোলা গলায় উৎসবের পক্ষে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “ভাল থাকতে হলে মাঝে মাঝে রিল্যাক্সেশন দরকার। সব সময় শুধু টেনশন নিলে চলবে কেন? উৎসব মানুষকে সেই রিল্যাক্সেশন দেয়।” একই সঙ্গে পর্যটনের প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বছর বহু বিদেশি পর্যটক বাংলায় এসেছেন। তাঁর লক্ষ্য, বিদেশি পর্যটনের নিরিখে দেশজুড়ে বাংলাকে শীর্ষে পৌঁছে দেওয়া।

শুধু অ্যালেন পার্ক নয়, এ দিন রাজ্যের আরও ১৪টি জায়গায় একযোগে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে রাজ্যের উৎসব-সংস্কৃতির কথা। মমতা বলেন, “আমরা সব ধর্ম, সব বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ ডিফেম করে। প্রতিটা উৎসবই আমরা পালন করি। বাংলার মানুষ মেলা-খেলা দুটোই ভালবাসে। মেলা আর খেলা সারা বিশ্বকে যুক্ত করে—এটা একটা কমন ব্রিজ।”
মুখ্যমন্ত্রী জানান, ক্রিসমাস উৎসব চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর অ্যালেন পার্কের সামনের রাস্তা বন্ধ রাখা হবে যান চলাচলের জন্য। ওই দিনগুলিতে রাস্তা পরিণত হবে Walking Street-এ, যেখানে শুধুমাত্র পথচারীরা চলাচল করতে পারবেন। অনুষ্ঠানের শেষে রাজ্যবাসীর উদ্দেশে বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মানবিকতার থেকে বড় কিছু পৃথিবীতে নেই। সবাই ভাল থাকবেন, ভাল রাখবেন।”
এ দিন মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়ান, ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোস্ট রেভারেন্ড ড. এলিয়াস ফ্র্যাঙ্ক (আর্চবিশপ অফ কলকাতা) এবং মোস্ট রেভারেন্ড ড. পরিতোষ ক্যানিং (মডারেটর, চার্চ অফ ইন্ডিয়া ও আর্চবিশপ অফ কলকাতা)।
গান, নাচ-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে জমজমাট হবে এবারের ক্রিসমাস ফেস্টিভ্যাল। বুধবার রাতেই অ্যালেন পার্ক ও পার্ক স্ট্রিট চত্বরে আলোকসজ্জার চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। থাকছে একাধিক খাবারের স্টলও।



