লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে চান তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলাভিত্তিক বৈঠকে বসবেন তিনি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক হয়েছে। এবার নজরে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ। শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা সংগঠন নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: মাঘের শুরুতেও ঝোড়ো ব্যাটিং শীতের, ঘন কুয়াশায় ঢেকে উত্তর থেকে দক্ষিণ
লোকসভা ভোটে ময়দানে নামতে চলছে ইন্ডিয়া জোট (INDIA Bloc)এই জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দল তৃণমূল ও কংগ্রেস। এরইমধ্যে আজ কালীঘাটে মুর্শিদাবাদ জেলার স্ট্র্যাটেজি নিয়ে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা কী হয়, সেদিকে নজর থাকবে সকলের। জোটের শরিক দল কংগ্রেসের বিরুদ্ধে অধীর গড়ে লড়াইয়ে নামতে প্রস্তুত তৃণমূল নাকি এই জেলায় তৃণমূল সুপ্রিমো সুর নরম করেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শাওনি সিংহ রায়-আবু তাহের, হুমায়ুন কবীরের ‘কোন্দল’-এর ছবি সামনে এসেছে। এই আবহে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন তাও দেখার বিষয়।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার পথে। এরইমধ্যে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে বিতর্ক দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই জানিয়েছেন, দেশজুড়ে ইন্ডিয়া লড়বে। বাংলায় তৃণমূল একা লড়বে। তাঁর দাবি, বাংলায় তৃণমূল ছাড়া অন্য কোনও দল বিজেপিকে হারাতে পারবে না। শোনা গিয়েছিল, বাংলায় তৃণমূল কংগ্রেসকে ২ টি আসন ছাড়বে। অধীর চৌধুরী এনিয়ে কড়া সুরে প্রতিক্রিয়া দিয়েছিলেন, তৃণমূলের থেকে ২ আসনের ভিক্ষা চাই না কংগ্রেসের।
অধীর গড়ে তৃণমূলের স্ট্র্যাটেজি কী থাকবে? কালীঘাটে বৈঠক মমতার

উল্লেখ্য, ১০ জানুয়ারি কালীঘাটে জেলা পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে ওই জেলায় দায়িত্বপ্রাপ্ত দলের সমস্ত নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, লোকসভা ভোটের আগে জেলাভিত্তিক বৈঠক করবেন তিনি। সেইমতই চলছে কাজ।



