কয়েকমাস পরই লোকসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলির অন্দরে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। আজ, ১ জানুয়ারি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এদিন সকালেই দলের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee and Abhishek Banerjee wish on TMC Foundation Day)। দলের সকল কর্মীদের আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দেন তাঁরা।

আরও পড়ুন: অস্ত্রোপচারের পর বিশ্রামের প্রয়োজন মমতার, নতুন বছরের কর্মসূচি পিছোতে পারে মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তিনি জানান, ‘আপনাদের অকুষ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়েছেন।

একইভাবে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘রাজ্য তথা দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্ণিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব-উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে।’
‘অপশক্তির কাছে মাথা নত নয়’, দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা ও অভিষেকের

জানুয়ারি মাসে একাধিক কর্মসূচি রয়েছে তৃণমূলের। দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। ৭ জানুয়ারি পর্যন্ত তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব। আম্বেদকর, নেতাজি, বিবেকানন্দ, গান্ধীজির মত মনিষীদের প্রতিকৃতিতে মাল্যদানের নির্দেশ দেওয়া হয়েছে।



