নজরবন্দি ব্যুরো: পঞ্চমীর সন্ধ্যায় নদিয়া একটি পুজোমণ্ডপে শোভাযাত্রায় নাচ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Maitra)। সেই নাচের ভিডিও শেয়ার করলেন তাঁর টুইটারে। রঙিন মিছিলে মহিলাদের সঙ্গে হাত তুলে পায়ে পা মিলিয়ে নাচ করছেন।
সবার সঙ্গে গাইছেন সোহগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি বালা..নাচো তো দেখি বালা। টুইটারে সাত লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে মহুয়ার। নাচের ভিডিও শেয়ার করার পর প্রচুর কমেন্ট এসেছে। ফলোয়াররা লেখেন, আপনার এনার্জি ও ভেতরের আগুনকে ভালোবাসা জানাই। কেউ লিখেছেন মানুষের সঙ্গে আপনার এই যোগাযোগ একইরকম থাকুক। আশীর্বাদ নেবেন। যদিও তাঁর এই দেবী দুর্গাপ্রীতি নিয়েও অনেকে প্রশ্ন তুলে থাকেন।

কেননা মাস কয়েক আগে কালী নিয়ে বিতর্কিত মন্তব্য করে অনেকেরই বিরাগভাজন হয়েছিলেন। এদিকে তাঁর এই নাচকে ‘ভাবমূর্তি ফেরানো চেষ্টা’ বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের যুক্তি, কিছুদিন আগে কালী নিয়ে মহুয়ার মন্তব্যের জেরে বিতর্ক ছড়ায়। সেইসব সামাল দিতেই এই নাচ বলে মন্তব্য বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের।
পঞ্চমীর সন্ধ্যায় ঢাকের তালে নাচ করলেন তৃণমূল সাংসদ, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকার বলেন, “হিন্দু সংস্কৃতি সম্পর্কে মহুয়া মৈত্রের কোনও ধারণাই নেই। এটা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মানুষের দুর্ভাগ্য। এরকম একজনকে তাঁরা সাংসদ করে আজ পস্তাচ্ছেন। কিছুদিন আগে মা কালীকে নিয়ে তিনি যা বলেছেন, তাতে সনাতনী সংস্কারিদের মাথা হেঁট হয়েছে। সেই মহুয়া মৈত্র দুর্গাপুজোর সময় নৃত্য করে তাকে সম্মান জানানোর চেষ্টা করছেন। কিন্তু ভুললে চলবে না দেবী কালী আর দেবী দুর্গার মধ্যে কোনও প্রভেদ নেই। আসলে আজ নৃত্য করে উনি মানুষের ওনার প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার চেষ্টা করছেন। আমি আগেই বলেছি, উনি বিদেশি কালচারে বড় হয়েছেন। বিদেশে পড়তে গিয়ে আমাদের কৃষ্টি, সংস্কৃতিকে উনি ভুলে গেছেন।”



