জি রাম জি বিতর্কে দেশজুড়ে যখন উত্তাল রাজনীতি, ঠিক সেই আবহেই কেন্দ্রীয় বাজেটে মহাত্মা গান্ধীর নাম এনে নতুন বার্তা দিল মোদি সরকার। ১০০ দিনের কাজের প্রকল্প থেকে গান্ধীর নাম সরানো নিয়ে প্রবল বিরোধিতার মুখে পড়ার পর, নির্মলা সীতারমণের বাজেটে ঘোষণা হল—খাদি ও বস্ত্রশিল্পের উন্নয়নে চালু হচ্ছে ‘মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা’। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘোষণার মধ্য দিয়ে বিতর্কের ধার কিছুটা ভোঁতা করার কৌশলই নিল কেন্দ্র।
সম্প্রতি মনরেগা আইনের জায়গায় ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’, সংক্ষেপে VB-G RAM-G বা ‘জি রাম জি’, চালু করেছে কেন্দ্র। কংগ্রেসসহ বিরোধীদের অভিযোগ, পরিকল্পিত ভাবেই এই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এই পদক্ষেপ শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক ভাবেও প্রশ্নের মুখে। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল পাশ করিয়ে নেওয়ার পর দেশজুড়ে আন্দোলন শুরু করেছে কংগ্রেস, অন্য বিরোধী দলগুলিও যোগ দিয়েছে সেই প্রতিবাদে।
এই বিতর্কের মধ্যেই বাজেট বক্তৃতায় গান্ধীর নাম তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি ঘোষণা করেন, খাদি ও বস্ত্রশিল্পকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা চালু করা হবে। পাশাপাশি ‘চ্যালেঞ্জ মোডে’ নতুন টেক্সটাইল পার্ক গড়ে তোলার প্রস্তাবও দেন তিনি। বাজেট বক্তৃতায় নির্মলা বলেন, “খাদি এবং তাঁতশিল্পের উন্নয়নের লক্ষ্যে মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ প্রকল্প শুরু করার প্রস্তাব করছি।”
ঐতিহাসিক ভাবে খাদি এবং গান্ধী একে অপরের পরিপূরক। স্বাধীনতা আন্দোলনের সময় খাদিকে আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন মহাত্মা গান্ধী। তাঁর কাছে খাদি ছিল শুধু পোশাক নয়, গ্রামীণ অর্থনীতিকে চাঙা করার হাতিয়ার। সেই ঐতিহ্যকেই বাজেটে নতুন রূপে ফেরাতে চেয়েছে কেন্দ্র, এমনটাই দাবি সরকারের।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই ঘোষণা নিছক অর্থনৈতিক নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তাও বহন করছে। জি রাম জি নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে গান্ধীর নামকে সামনে এনে আবেগের রাজনীতি খেলতে চাইছে কেন্দ্র—এমন ব্যাখ্যাও উঠে আসছে। খাদি ও তাঁতশিল্পে মোটা অঙ্কের বিনিয়োগের মাধ্যমে একদিকে গ্রামীণ কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি, অন্যদিকে গান্ধী প্রসঙ্গ তুলে বিরোধীদের আক্রমণ সামাল দেওয়ার কৌশল—দুটো দিকই গুরুত্ব পাচ্ছে এই ঘোষণায়।
সব মিলিয়ে, জি রাম জি বিতর্কের ছায়া পেরিয়েই এবারের বাজেটে গান্ধীর প্রত্যাবর্তন রাজনৈতিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।



