লোকসভা নির্বাচনের আগে রণকৌশল সাজাতে বঙ্গসফরে আসছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক শেষ হলেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন এবং জনসভা করবেন তিনি। মোদীর সাথে সাথে বাংলায় আসছেন বিজেপির সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক জেপি নাড্ডা।
আরও পড়ুন : অভিষেক-মমতার সঙ্গে বৈঠক, সব জল্পনা কাটিয়ে থেকে গেলেন দেব
২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। কলকাতা সহ কৃষ্ণনগরে একাধিক কর্মসূচি আছে তার। তার পর রাজ্যে প্রধানমন্ত্রী এলে দলীয় কর্মীদের মধ্যে মনোবল বাড়বে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। বঙ্গে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসছে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে।
আগামী ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যসচিব, ডিজির পাশাপাশি বৈঠকের কথা রয়েছে জেলাশাসকদের সঙ্গে। ৪-৬ মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন কমিশনের কর্তারা। বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি ইলেকশন কমিশনার নিতেশ কুমার ব্যাসকে। এইবার বাংলার নির্বাচনের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সামনেই মহারণ, রণকৌশল সাজাতে বঙ্গে মোদী
এবারের নির্বাচন নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোদী সরকার। বাংলার আসন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন নরেন্দ্র মোদী। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোন জল্পনার অবকাশই নেই এমনটাই দাবী কেন্দ্রের। বাংলায় দুর্নীতির সমস্যায় জর্জরিত শাসক দল। প্রতিদিনই কোন না কোন শাসক দলের নেতা-বিধায়ক জেলে যাচ্ছে। এই অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্যে রাজ্যের শাসক দল। নির্বাচনের আগে শাসক – বিরোধী তর্জায় সরগরম বঙ্গ রাজনীতি।



