শনিবার সকালেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। পৌর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তকারী সংস্থার সূত্রে খবর, অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে।
জানা গিয়েছে, ভবানীপুর, জোকা-সহ একাধিক স্থানে একযোগে পৌঁছয় ED-র দল। মদন মিত্রের জোকার পুরনো ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। সূত্রের দাবি, প্রায় দশ বছর আগে ওই ফ্ল্যাটে বসবাস করতেন কামারহাটির তৃণমূল বিধায়ক।
এছাড়াও ভবানীপুরের ধীরেন্দ্রনাথ ঘোষ রোডে অবস্থিত মদন মিত্রের বাড়িতেও পৌঁছন তদন্তকারীরা। সেখানে ED-র সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।
তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়ি এবং জোকার আর এক ব্যবসায়ীর ঠিকানাতেও তল্লাশি চালানো হয়েছে। সব মিলিয়ে অন্তত চারটি জায়গায় একযোগে অভিযান চালিয়েছে ED।
সূত্রের খবর, মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতেও তদন্তকারীদের যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখযোগ্যভাবে, ED-র এই তল্লাশির ঠিক একদিন আগেই সই জালিয়াতি সংক্রান্ত তদন্তে মদন মিত্রের বাড়িতে গিয়েছিল CID। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক নিজেই সেই তথ্য জানান।
সেই প্রসঙ্গে মদন মিত্র বলেন, CID তাঁকে একটি স্বাক্ষর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেছে এবং তদন্তে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি তাঁকে একটি নোটিসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র এই তল্লাশি নতুন কোনও তথ্য বা প্রমাণ সামনে আনে কি না, এখন সেদিকেই নজর রয়েছে তদন্তকারী মহল ও রাজনৈতিক পর্যবেক্ষকদের।



