নজরবন্দি ব্যুরো: গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের হেঁসেলে কার্যত আগুন লেগেছিল। কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার (২৯ আগস্ট) গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তে মধ্যবিত্তের স্বস্তি ফিরলেও লোকসানের মুখে পড়তে হচ্ছে গ্যাস ডিলারদের। আগে থেকে বেশি দামে কিনে রাখা সিলিন্ডার এখন বেচতে হবে কম দামে, এই আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে।
আরও পড়ুন: Chandrayaan 3 মিশনের সাফল্য নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার, পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী
কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হবে। কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১১২৯ টাকা, ২০০ টাকা কমে যাওয়ায় এখন নতুন দাম দাঁড়িয়েছে ৯২৯ টাকা। এরফলে সমস্যার মুখে পড়েছেন গ্যাস ডিলাররা। জানা গিয়েছে, আগে থেকেই বেশি দামে গ্যাস সিলিন্ডার তুলে রাখা হয়েছে। এখন নতুন দাম কার্যকর হওয়ায় বেশি দামে কেনা সিলিন্ডার গ্রাহকদের কম দামে দিতে হবে। যারফলে তাঁদের বড়সড় ক্ষতি হবে বলেই আশঙ্কা। গ্যাস ডিলারদের কথায়, “কেন্দ্রের সিদ্ধান্তে আমাদের অনেকটাই লোকসান হল। হঠাৎ করে এই সিদ্ধান্ত তো, সমস্যা হবেই। ২০-২৫ টাকা করে বাড়ত, কিন্তু কমল এক ধাক্কায় ২০০ টাকা।”

তারা আরও জানান, “আমাদের তো আগের দিনের লোড থাকে। আমাদের বেশি টাকায় কিনতে হয়েছে। কিন্তু এখন তো আমরা সেই টাকায় বিক্রি করতে পারব না। কারণ নতুন সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়ে গিয়েছে।পুরনো রেটে কিনে নতুন রেটে বিক্রি করতে হবে। আমাদের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি। আমার একটা গাড়িতেই ৬০ হাজার টাকার ক্ষতি রয়েছে। আর যাঁরা বড় ডিলার, তাঁদের তো আরও বড় ক্ষতি।”

উল্লেখ্য, গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এই বৈঠক নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সমস্ত উপভোক্তার জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “দু’মাসে মাত্র দু’টো বৈঠক করেছে ‘ইন্ডিয়া’ জোট আর তাতেই গ্যাসের দাম এক ধাক্কায় গেল ২০০ টাকা, এটাই হল বিরোধী জোটের ‘দম’।”
বেশি দামে তুলে রাখা ছিল সিলিন্ডার, রাতারাতি গ্যাসের দাম কমে গিয়ে ক্ষতির মুখে গ্যাস ডিলাররা




