নজরবন্দি ব্যুরোঃ তিন ঘণ্টা বাড়ানো হল লোকাল ট্রেনের সময় সীমা। এবার থেকে রাত ১০ টা অবধি চলবে লোকাল ট্রেন। যাত্রীদের দুর্ভোগ কমাতেই তড়িঘড়ি সিদ্ধান্ত। সোমবার থেকেই লাগু হবে এই নিয়ম।
আরও পড়ুনঃ করোনার লাল সতর্কতা, তবুও পুর নির্বাচনে সবুজ সংকেত কমিশনের


রাজ্যে উর্ধ্বমুখী করোনার রাশ টানতেই রবিবার বিকেলেই সাংবাদিক বৈঠকে লোকাল ট্রেনের সময়সুচী সন্ধে সাতটা অবধি ঘোষণা করেন মুখ্যসচিব। রাজ্য সরকারের তরফে ঘোষণার পরেই যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে শুরু করে। ট্রেন না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। তাই শেষমেশ সময় বাড়াতে বাধ্য হয় রেল।
রেলের তরফে জানানো হয়েছে,”এটা সম্পূর্ণ রাজ্য সরকারের সিদ্ধান্ত। রাজ্য সরকার সিদ্ধান্ত নেওয়ার পরেই এটা কার্যকর করা হয়েছে”। রেলের তরফে আগে বলা হয়েছিল সন্ধ্যা সাতটার পর শিয়ালদা-হাওড়া থেকে আর কোনও লোকাল ট্রেন ছাড়বে না। প্রান্তিক স্টেশনগুলির ক্ষেত্রেও একই নিয়ম। সাতটার পর ছাড়বে স্টাফ স্পেশ্যাল ট্রেন। এই ট্রেনগুলিতে সাধারণ যাত্রীরা উঠতে পারবেন না। এখন থেকে তা পরিবর্তন হয়ে গেল।
বাড়ানো হল লোকাল ট্রেনের সময়, বাড়ানো হল সময়সুচি

তবে ৫০ শতাংশ যাত্রী নির্ধারণ কি আদৌ সম্ভব? রেলের তরফে বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে। তবে গত লকডাউনেও এই নিয়মটি কার্যকর করেছিল রেল। সেক্ষেত্রে প্রশ্ন থেকেই যাচ্ছে। রেল জানিয়েছে, সরকারি নির্দেশিকা রয়েছে। তাতে ৫০ শতাংশ নিয়ে ট্রেন চালানোর কথা বলা হয়েছে। রেলের তরফে সর্বোচ্চ চেষ্টা করা হবে যাত্রীদের বোঝানোর। বিভিন্ন স্টেশনে মাইকিং করা হবে। যাত্রীদের ট্রেনে ওঠার ক্ষেত্রে সেভাবে বিধিনিষেধ তো আরোপ করা যায় না।









