অঞ্জন বল, বালুরঘাট: মর্মান্তিক! স্যোশাল মিডিয়ায় লাইভ করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। মৃতার নাম মানসী সোরেন। তাঁর বয়স হয়েছিল ২৫ বছর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, গতকাল রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার মহেদীপুর গ্রামে। আত্মহত্যার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। এরপর মৃতার দেহ উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তে পাঠায় তারা।
আরও পড়ুন: উত্তর কলকাতার গলি ছুঁয়ে নেমে আসছে হলিউড ।


পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। এর আগে লকডাউনের সময় মৃত তরুণীর হবু স্বামীও ঠিক একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হবু স্বামীর মৃত্যুর ঠিক কয়েকমাস পরই একইভাবে আত্মহত্যা করেন বছর ২৫-এর মানসী। তাই এই ঘটনাকে সম্পূর্ণ পরিকল্পিত মৃত্যু বলে দাবি করেছেন মৃতার আত্মীয়, পুলিন সোরেন। বাবা-মায়ের মৃত্যুর পর মানসী আত্মীয়র বাড়িতেই থাকতেন।
এদিন তিনি আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে যান। দুপুরে মানসীর নিজের বাড়িতে কয়েকজন লেবার সংষ্কারের কাজ করছিল। তারা দুপুরে খেতে যাওয়ার পর ঘরদোড় পরিষ্কার করে ঘরে ঢুকে ছিটকিনি আটকে দেন ওই তরুণী। তারপরই স্যোশাল মিডিয়ায় লাইভ করে নিজের গলায় দড়ি দিয়ে সিলিং ফ্যানে ঝুলে পড়েন মানসী। কয়েক মূহূর্তের মধ্যে লাইভ দেখে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা। দরজা ভেঙে ঘরে ঢুকলেও তাতে কোনও লাভ হয়নি। গ্রামবাসীরা ঢুকেই ঝুলন্ত অবস্থায় মানসীকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে মানসীর মৃত্যু হয়।


গলায় দড়ি, মর্মান্তিক মৃত্যু, এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা স্থানীয় পুলিশে খবর দিলে তারা মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। গ্রামবাসীরা জানিয়েছেন, কেন এই আত্মহত্যার পথ বেছে নিল মানসী, তা এখনও সকলেরই অজানা।







