প্রথম দফার ভোট মিটতেই স্বস্তির হাওয়া—আজ শুক্রবার সকাল ১১টা থেকে রাজ্যজুড়ে খুলে গেল লাইসেন্সপ্রাপ্ত সব মদের দোকান ও বার। দীর্ঘ কয়েকদিনের নিষেধাজ্ঞার পর এই সিদ্ধান্তে খুশি সুরাপ্রেমীরা যেমন, তেমনই স্বস্তি মিলেছে ব্যবসায়ীদেরও। তবে এই স্বস্তি স্থায়ী নয়—দ্বিতীয় দফার ভোটের আগে ফের জারি হবে নিষেধাজ্ঞা।
রাজ্যের বিধানসভা ভোটের জন্য ২১ এপ্রিল থেকেই রাজ্যে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আবগারি দপ্তর। প্রথম দফার ভোট শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল, যা নিয়ে নানা মহলে প্রশ্নও উঠেছিল। বিশেষ করে, যেখানে ১৬টি জেলায় ভোট হলেও গোটা রাজ্যে একসঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়—তা নিয়ে বিতর্ক তৈরি হয়।


এই প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওাল-ও বিস্ময় প্রকাশ করেছিলেন। তাঁর মন্তব্য ছিল, কেন কলকাতা-সহ সর্বত্র দোকান বন্ধ রাখা হল, সে বিষয়ে আবগারি দপ্তরের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
সাধারণত ভোটের আগে ৪৮ ঘণ্টা ‘ড্রাই ডে’ থাকলেও, এ বার তা বাড়িয়ে প্রায় ৯৬ ঘণ্টা করা হয়েছিল। ফলে ব্যবসায়ীরা বড়সড় ক্ষতির মুখে পড়েন। একাধিক দোকান মালিক জানিয়েছেন, টানা কয়েকদিন দোকান বন্ধ থাকায় বিক্রি কার্যত শূন্যে নেমে এসেছিল।
শুক্রবার দোকান খোলার খবর ছড়াতেই বিভিন্ন জায়গায় ভিড় চোখে পড়েছে। অনেক ক্রেতাই আগাম মজুতের পরিকল্পনা করছেন, কারণ এই ছাড় সাময়িক। দ্বিতীয় দফার ভোটের আগে আবার ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাজ্যজুড়ে মদের দোকান ও বার বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে।


ফলে ভোটের আবহে ‘খোলা-বন্ধ’র এই চক্র চলতেই থাকছে। প্রশাসনের যুক্তি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই এই বিধিনিষেধ। আর সেই নিয়ম মেনেই স্বল্প সময়ের জন্য স্বস্তি উপভোগ করছেন ক্রেতা ও বিক্রেতা—দু’পক্ষই।








