নজরবন্দি ব্যুরো: ১০০ দিনের কাজে বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে বিগত চারদিন ধরে রাজভবনের নর্থ গেটের সামনে ধর্নায় বসেছে তৃণমূল। ধর্নামঞ্চে উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। ধর্নায় বসে একাধিকবার রাজ্যপালের কাছে সময় চেয়েছে ঘাসফুল শিবির। আর সবকিছু ঠিক থাকলে আজ অর্থাৎ সোমবার বিকেলেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাত হবে তৃণমূলের প্রতিনিধি দলের।
আরও পড়ুন: Dengue: পুজোর আগেই ভয়াবহ হতে পারে ডেঙ্গু, নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ আগামী দু সপ্তাহ


কিন্তু এমন আবহে এবার চাকরির দাবিতে রাজভবনের সামনে অবস্থানে বসতে চলছে চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। অর্থাৎ তৃণমূলের দেখান পথেই হাঁটতে চলছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠিও দিয়েছে চাকরিপ্রার্থীদের একাধিক সংগঠন। তাঁদের দাবি, তৃণমূল ধর্নায় বসার জন্য অনুমতি পেলে আমরা কেন পাবো না?

তবে এইবার প্রথম নয়, এর আগেও একাধিকবার নিজেদের ন্যায্য চাকরির দাবিতে রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। কিন্তু লালবাজারের পক্ষ থেকে কোনও বারই অনুমতি মেলেনি। এরপরে আদালতের দ্বারস্থ হলে হাইকোর্টের অনুমতির ভিত্তিতেই রাজপথে পালিত হয়েছে চাকরিপ্রার্থীদের কর্মসূচি।



চাকরিপ্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য চাকরির দাবিতে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করেছেন। কিন্তু তাতে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। তাই এবার চাকরির ব্যাপারে রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের হস্তক্ষেপ চায় তাঁরা। সেই জন্যই এবার রাজভবনের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যার দরুন ইতিমধ্যেই চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে অবস্থানে বসার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠিও দেওয়া হয়েছে।
‘পথপ্রদর্শক’ তৃণমূল, রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি








