নজরবন্দি ব্যুরোঃ টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস মহারাষ্ট্রে, বিপর্যস্ত ঠাকরের রাজ্য। এখনো পর্যন্ত ধস নেমে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের। প্রতিবারের বর্ষা ভোগায় মহারাষ্ট্রকে। তবে এবারে শুরু থেকেই বিধ্বংসী আকার ধারণ করেছে রাজ্যের বৃষ্টিপাত।
আরও পড়ুনঃ সামাজিক মাধ্যমে কুরুচিকর আক্রমণ মমতাকে, গ্রেপ্তার এক যুবক


যেহারে গত কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে তাতে জায়গায় জায়গায় নেমেছে ধস। গত ২৪ ঘন্টা ধরে টানা অতি ভারী বৃষ্টি হয়েছে মুম্বাই থেকে ৭০ কিলোমিটার দূরের উপকূলীয় রায়গড়ে। রত্নগিরি জেলাতেও জলের স্তর ১২ ফুট উঁচু, বশিষ্ঠি নদীর জল বইছে বিপদসীমার উপরে গিয়ে।
রত্নগিরি তে জলের স্তর ১২ ফুটের বেশি, টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় ধস মহারাষ্ট্রে

রায়গড়েই একদিনের অত্যাধিক বৃষ্টিতে ধস নেমেছে তিন পৃথক জায়গায়। সূত্রের খবর এখনো পর্যন্ত ধসে প্রাণ গিয়েছে ৩৬ জনের। মহারাষ্ট্রের পুলিশ সূত্রের খবর মহাদ তহসিলের তালাই গ্রামেই মারা গিয়েছেন ৩২ জন, আশঙ্কা রয়েছে এই সংখ্যা বাড়ার। শখর সুতা ওয়াদি এলাকা থেকেও উদ্ধার করা হয়েছে ৪ জনের দেহ।



রায়গড়ের জেলা কালেক্টর নিধি চৌধুরী জানিয়েছেন এখনো ধসের কারণে আটকে আছেন প্রায় ৩০ জন। চলছে উদ্ধার কাজ। উদ্ধার কাজে নেমেছে নৌসেনার বাহিনী, উপকূলরক্ষীদের দুটি দল এবং ১২টি স্থানীয় উদ্ধারকারী দল। উদ্ধারের জন্য নামানো হয়েছে হেলিকপ্টার-চপার।
বারবার জানানো হচ্ছে যাঁরা আটকে পড়েছেন, তাঁরা যেন বাড়ির ছাদ, উঁচু জায়গায় অপেক্ষা করেন, যাতে দ্রুত চপার বা হেলিকপ্টারে উদ্ধার করা যায় তাঁদের। রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পর্যালোচনা করছেন সমগ্র ঘটনার। দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



