নজরবন্দি ব্যুরোঃ জনজাতির স্বীকৃতির দাবিতে লাগাতার পথ ও রেল অবরোধ করে চলেছে রাজ্যের কুড়মি সমাজ। এর মাঝে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি দল। মুখ্যসচিবের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করে তারা। সেখানে একাধিক দাবি তুলে ধরে কুড়মি সমাজের প্রতিনিধিরা। রাজ্যের সঙ্গে বৈঠকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি।


সূত্রের খবর, মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে একাধিক দাবি তুলে ধরে কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি দল। বৈঠক শেষে প্রতিনিধি দলের তরফে জানানো হয়, এই বৈঠকে খুশি নন তারা। রাজ্য সরকার তাদের মূল দাবি মানছে না। পাশাপাশি বৈঠকে সিআরআই জাস্টিফিকেশন নিয়ে কমিটি গঠনের দাবি তুলেছিল তারা। কিন্তু তাদের এই দাবি মানতে চাননি মুখ্যসচিব।

উল্লেখ্য, পুরুলিয়াতে অবস্থান প্রত্যাহার করে নেওয়া হলেও খেমাশুলিতে অবস্থান চলছিল বেশ কিছু সময় ধরে। এখন রাজ্যের সঙ্গে বৈঠক ইতিবাচক না হলে কী পদক্ষেপ নেবে কুড়মি সম্প্রদায়? কারণ কয়েকদিন ধরে লাগাতার ধর্না দেখাচ্ছেন তাঁরা। তবে এবিষয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কুড়মি সম্প্রদায়। আরও একবার জাতীয় সড়ক অবরুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
রাজ্যের সঙ্গে বৈঠকে কোনও ইতিবাচক সাড়া মেলেনি, বড় আন্দোলনে নামবে কুড়মিরা!

পাশাপাশি দুই দিন পরেই রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বঙ্গে থাকাকালীন বিশেষ বার্তা দিতে চাইবে কুড়মি সম্প্রদায়? এই ইস্যুকে হাতিয়ার করে সরব হতে দেখা যায় বিজেপিকে। বাংলার আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনীর দাবি তোলেন বিজেপি নেতারা। যা আজ, মঙ্গলবার খারিজ করে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট করেছেন, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। এর মধ্যে তাঁদের কোনও এক্তিয়ার নেই।









