প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশকে ঘিরে শনিবার কলকাতায় ব্যাপক ট্র্যাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত করা হবে এবং ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অধিকাংশ ভারী যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইনসওয়ে-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি অনুযায়ী ট্র্যাফিক পুলিশ সেই নির্দেশ কার্যকর করবে। প্রয়োজনে ওই সব রাস্তা থেকে গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে।


এছাড়াও শনিবার ভোর ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরে ভারী যান চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু গাড়িকে এই নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছে। যেমন এলপিজি সিলিন্ডার, তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য, সিএনজি, অক্সিজেন, লুব্রিক্যান্ট, সবজি, ফল, মাছ, দুধ এবং ওষুধ বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আশপাশের এলাকাতেও বিশেষ বিধিনিষেধ থাকবে। এজেসি বোস রোডের হেস্টিংস ক্রসিং থেকে ক্যাথিড্রাল রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন-সহ বিভিন্ন রাস্তায় ওই দিন গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ ছাড়াও ভিভিআইপি যাতায়াত এবং মিছিলের সম্ভাব্য রুটে প্রয়োজন অনুযায়ী সাময়িক ভাবে যান চলাচল বন্ধ করা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী ট্রাম পরিষেবাও কিছু সময়ের জন্য স্থগিত রাখা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সাধারণ দিনগুলিতে যে ট্র্যাফিক বিধিনিষেধ কার্যকর থাকে, সেগুলিও বহাল থাকবে। তাই শহরের বাসিন্দাদের আগে থেকেই বিকল্প রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







