শীতের মরসুমে যখন ভারতের পাহাড়ি অঞ্চল তুষারের চাদরে ঢাকা পড়ে, তখন স্কিইংয়ের জন্য আদর্শ স্থান হয়ে ওঠে সেগুলো। এই মুহূর্তে অনেক পর্যটক তুষারে ঢেকে যাওয়া উপত্যকায় স্কি করতে যেতে চাইছেন। কাশ্মীর থেকে হিমাচল এবং উত্তরাখণ্ড, ভারতের বিভিন্ন জায়গায় স্কিইংয়ের সুযোগ রয়েছে। চলুন দেখে নিই, কোথায় কোথায় আপনি স্কিইংয়ের জন্য যাবেন এবং কীভাবে সেগুলোর সফর পরিকল্পনা করবেন।
গুলমার্গ, কাশ্মীর: স্কিইংয়ের স্বর্গ
কাশ্মীরের গুলমার্গ স্কিইংয়ের জন্য এক অন্যতম জনপ্রিয় গন্তব্য। জানুয়ারি মাসে যখন পুরো অঞ্চল তুষারে ঢাকা পড়ে, তখন এখানে স্কিইংয়ের প্রশিক্ষণ এবং প্রতিযোগিতা শুরু হয়। গুলমার্গে ‘ফেজ ওয়ান’ ও ‘ফেজ টু’ অঞ্চলে স্কিইংয়ের সুবিধা রয়েছে। এখানে একাধিক স্কিইং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেখানে আপনি বেসিক থেকে অ্যাডভান্সড স্কিইং শিখতে পারবেন। স্কিইংয়ের জন্য একাধিক প্যাকেজও উপলব্ধ রয়েছে।
কীভাবে যাবেন?
আপনি শ্রীনগর বিমানবন্দরে এসে গাড়িতে গুলমার্গ যেতে পারেন। ট্রেনেও জম্মু থেকে গুলমার্গ পৌঁছানো যায়। গুলমার্গে স্কিইংয়ের জন্য ‘ফেজ ওয়ান’ পৌঁছানোর জন্য কেবল কার ব্যবহার করা হয়।
কোথায় থাকবেন?
গুলমার্গে বিলাসবহুল হোটেল এবং স্কিইং প্রশিক্ষণ প্যাকেজসহ থাকার ব্যবস্থা রয়েছে। আপনি শ্রীনগরে হোটেল বা হাউসবোতে থেকেও গুলমার্গে যেতে পারেন।
আউলি, উত্তরাখণ্ড: বরফে মোড়া স্বর্গ
আউলি, উত্তরাখণ্ডের শীতল তুষারের মধ্যে স্কিইংয়ের জন্য একটি বিশেষ গন্তব্য। নন্দাদেবী শৃঙ্গের পটভূমিতে স্কিইং করতে চাইলে আউলি হতে পারে আপনার জন্য আদর্শ স্থান। আউলির ৩ হাজার মিটার উচ্চতায় ৩ কিলোমিটার দীর্ঘ স্কিইং ট্র্যাক রয়েছে, যেখানে স্কিইং শিখতে এবং প্রতিযোগিতা করতে দেশ-বিদেশের পর্যটকরা আসেন।
কীভাবে যাবেন?
আপনি ট্রেনে হৃষীকেশ গিয়ে সেখান থেকে যোশীমঠ হয়ে আউলিতে পৌঁছাতে পারেন। এছাড়া, বিমানে দেহরাদুন পৌঁছিয়ে সেখান থেকে গাড়ি অথবা রোপওয়ে ব্যবহার করে আউলি যেতে পারবেন।
কোথায় থাকবেন?
আউলিতে একাধিক বিলাসবহুল হোটেল এবং রিসোর্ট রয়েছে। আপনি চাইলে যোশীমঠেও থাকতে পারেন, যা আউলির কাছাকাছি।
সোলাং ভ্যালি, হিমাচল প্রদেশ: স্কিইংয়ের এক চমৎকার গন্তব্য
হিমাচল প্রদেশের মানালির কাছে সোলাং ভ্যালি স্কিইংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় স্থান। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এখানে তুষার পড়তে থাকে এবং পর্যটকরা স্কিইং, স্নোবোর্ডিং এবং অন্যান্য শীতকালীন অ্যাডভেঞ্চার স্পোর্টস উপভোগ করেন। রোপওয়ে থেকে স্কিইংয়ের জন্য অত্যন্ত সুন্দর অঞ্চল দেখা যায়।
কীভাবে যাবেন?
আপনি ট্রেনে দিল্লি, কালকা বা চণ্ডীগড় গিয়ে সেখান থেকে গাড়িতে মানালি পৌঁছাতে পারেন। বিমানে ভুনটার বা চণ্ডীগড় বিমানবন্দরে নেমে সেখান থেকে গাড়ি নিয়ে মানালি যেতে পারেন।
কোথায় থাকবেন?
মানালির কাছাকাছি বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট এবং হোটেল রয়েছে। এছাড়া, আপনি মানালির হোস্টেল বা হোম স্টে-তেও থাকতে পারেন।









