হায়দরাবাদ ম্যাচের আগে বড় প্রশ্ন—১৮ কোটির পেসার মাথিশা পাথিরানা কি অবশেষে মাঠে নামবেন? অনুশীলনে ছন্দে ফিরলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ধোঁয়াশায়। দলীয় ভারসাম্য আর বিদেশি কোটার অঙ্কই এখন সবচেয়ে বড় বাধা KKR-এর সামনে।
সপ্তাহখানেক আগে দলে যোগ দেওয়ার পর থেকেই পাথিরানা নিয়মিত অনুশীলনে নজর কেড়েছেন। নেটে তাঁর গতি ও ভ্যারিয়েশন দেখে কোচিং স্টাফও আশাবাদী। টানা ব্যর্থতার পর পরপর দু’ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেকেআর, আর সেই সময়েই পাথিরানার সম্ভাব্য ফেরা দলকে বাড়তি জোর দিচ্ছে।
তবে সবুজ সংকেত এখনও মিলেনি। বোলিং কোচ টিম সাউদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “পাথিরানা অনুশীলনে ভালো করছে ঠিকই, কিন্তু ও খেলবে কি না, তা নির্ভর করছে একাধিক বিষয়ের উপর—বিশেষ করে ম্যাচের পরিস্থিতি এবং দলের কম্বিনেশন।”
সেই ‘কম্বিনেশন’-ই এখন আসল ধাঁধা। চার বিদেশির মধ্যে তিনটি জায়গা কার্যত নিশ্চিত—পাওয়েল, নারিন এবং গ্রিন। ফলে পাথিরানাকে খেলাতে হলে কাউকে বসাতেই হবে। সূত্রের খবর, সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ভাবছে টিম সাইফার্টকে বাইরে রেখে পাথিরানাকে সুযোগ দেওয়া যায় কি না।
এতে ব্যাটিং অর্ডারেও বদল আসতে পারে। আগের মতো ওপেন করতে দেখা যেতে পারে নারিনকে। পাশাপাশি ভারতীয় পেসারদের মধ্যে একজন—সম্ভবত বৈভব বা কার্তিক ত্যাগী—বাইরে গিয়ে অতিরিক্ত ব্যাটার ঢোকানোর পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে।
সব মিলিয়ে সিদ্ধান্ত কঠিন। একদিকে ডেথ ওভারে ম্যাচ ঘোরানোর ক্ষমতাসম্পন্ন পাথিরানা, অন্যদিকে স্থিতিশীল কম্বিনেশন—এই টানাপোড়েনেই দাঁড়িয়ে কেকেআর। এখন দেখার, ঝুঁকি নিয়ে ‘ত্রাতা’কে নামায় কি না নাইট শিবির।



