নজরবন্দি ব্যুরোঃ এইবার চিকিৎসাক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠল পশ্চিমবঙ্গে। কল্যাণী এইমসের (Kalyani AIIMS) চাকরিতে দুর্নীতির অভিযোগে শোরগোল পড়েছে। তবে এবার অভিযোগ তৃণমূল নেতা বা মন্ত্রীদের বিরুদ্ধে নয়, অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে। কল্যাণী এইমসে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করেছেন বিজেপি সাংসদ-বিধায়করা। বেআইনিভাবে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে।
আরও পড়ুনঃ হাই কোর্টের দ্বারস্থ অভিষেক, অসুস্থ হয়েও দেশ ছাড়তে পারবেন না তিনি, জানালেন ইডি
অভিযোগের গুরুত্ব বুঝে রাজ্য পুলিশের হাতে তদন্তভার না দিয়ে, তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিআইডি (CID)র হাতে। কল্যাণী থানার তরফে অভিযোগের নথিপত্র ইতিমধ্যেই সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। বিজেপির ৮ সাংসদ, বিধায়কের বিরুদ্ধে একাধিক ধারায় FIR হয়েছে।

জানা গিয়েছে, FIR-এ নাম রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক নিলাদ্রিশেখর দানা, বঙ্কিম ঘোষ-সহ আরও ৪ জনের। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্রে মতো চারটি ধারায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার দায় কাঁধ থেকে ঝেড়ে ফেলে দিয়েছে বিজেপি। সাংসদ জগন্নাথ সরকার বলেন, “প্রভাব খাটিয়ে বাংলার কাউকে চাকরি দিতে পারলে আমি গর্বিত। ভবিষ্যতে প্রভাব খাটিয়ে চাকরি দেওয়া সম্ভব হলে বাংলার যুবপ্রজন্মের সকলকে চাকরি দেব।”

ভারতীয় জনতা পার্টির দাবি, স্কুল সার্ভিস নিয়োগে দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই(CBI) এবং ED, নাম উঠে আসছে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর। সেই কারনেই কল্যানি এইমসে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিজেপি সাংসদ বিধায়কদের জড়িয়ে দেওয়া হয়েছে, এবং তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে সিআইডি-র হাতে।
নিয়োগে দুর্নীতি এবার চিকিৎসাক্ষেত্রে, অমিত শাহর নির্দেশে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে তদন্ত!

উল্লেখ্য, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা ও নদিয়ার চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর চাকরি হয়েছে কল্যাণীর এইমসে। তাঁদের চাকরি হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সুপারিশেই। অভিযোগ, কোনও পরীক্ষা ছাড়াই হয়েছে এই নিয়োগ! সমস্যা হল, এই অভিযোগ তৃনমূলের তরফে করা হয়নি। এমন অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছে নালিশ করেছেন এক বিজেপি নেতাই!



