নজরবন্দি ব্যুরো: কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় যখন রাজ্য তোলপাড় সেইসময়েই পুলিশের গুলিতে মৃত্যু হয় এক যুবকের। জোড়া মৃত্যুতে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনায় ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিএসএফ। পাশাপাশি পুলিশকেও ভৎর্সনা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার মালদহের প্রশাসনিক সভা থেকে এই প্রসঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: DA Protest: মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই মহামিছিলের ডাক, শর্ত রেখে অনুমোদন হাইকোর্টের
এদিন তৃণমূল সুপ্রিমো প্রশ্ন তোলেন, গুলিটা কে চালালো? আমি তো শুনেছি বিএসএফ গ্রামটা নিয়ন্ত্রণ করে। এটা কি সত্যি?” পুলিশের কাছেও জানতে চান, “এবিষয়ে পুলিশের কাছে কি কোনও তথ্য আছে? এখন তো অনেক জায়গায় ৫০ কিলোমিটারের মধ্যে ঢুকে গিয়ে বর্ডারে বর্ডারে অত্যাচার করছে। অনেকে এর মধ্যে মারাও গিয়েছে।” তিনি আরও বলেন, “আমি জিজ্ঞেস করছি কারণ এনিয়ে তদন্ত হওয়া উচিত। গুলিটা কে চালালো তার তদন্ত হওয়া উচিত।”

এদিনের প্রশাসনিক বৈঠকে পুলিশকে ভৎর্সনা করে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশের কাছে কি কোনও রিপোর্টই থাকে না?” কালিয়াগঞ্জের ঘটনায় ময়নাতদন্তের রিপোর্ট আসতে কেন দেরি হল তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “কেন জনগণেরকাছে আগে থেকে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করা গেল না?” এই প্রশ্ন তুলে ডিজিকে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা নিয়ে তিনটি পড়শি রাজ্যের ডিজির সঙ্গে বৈঠক করার পরামর্শ দেন তিনি।

কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মণের খুনের অভিযোগের তদন্তভার নিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সিআইডি কয়েকদিন আগে এই মামলার বিভিন্ন নথি পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়েছে। নিহত যুবকের পরিবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আর্জিতে সাড়া দেয়নি আদালত।
Mamata Banerjee-র নিশানায় BSF! কালিয়াগঞ্জকাণ্ডে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর বিএসএফকে নিশানা করে মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সবাই দেখেছে পুলিশ দিনের বেলায় প্রকাশ্যে গুলি চালিয়েছে। তারপরও বলছেন গুলিটা কোথা থেকে এল? উত্তরবঙ্গে তৃণমূলের কোনও জায়গা নেই।”



