নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গে এসএসসি নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় বর্তমান শিল্পমন্ত্রী (প্রাক্তন শিক্ষামন্ত্রী) পার্থ চট্টোপাধ্যায়কে গত শুক্রবার সকাল সাড়ে সাটটা থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলার পর গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বর্তমান শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে বেলাইনে শিক্ষক নিয়োগ এবং গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগে প্রভাব খাটানোর প্রমান স্বরূপ একাধিক নথি উদ্ধার করেছে ইডি। এরপরেই আজ ফের হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ কড়া নির্দেশ দিল শিক্ষা দফতরকে।
এরই মধ্যে সামনে এসেছে একটি চমকপ্রদ তপ্তহ্য। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মন্ডলের পরিবারের একসঙ্গে ১০ জন সদস্য একই বছর প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন। এই ঘটনাটি কীভাবে সম্ভব হল তা নিয়েই প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই হলফনামা জমা দিয়েছেন। আজ সেই মামলার শুনানি হল।

হলফনামা দেখে এবং সওয়াল জবাব শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রাপক ওই ১০ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন। অবিলম্বে পার্থর দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের এই ১০ জনকে মামলাতে যুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা কে উদ্ধৃত করেছে হাইকোর্ট।

মমতা কিছুদিন আগে বলেছিলেন, স্কুলে আঠারো হাজার শূন্য পদ রয়েছে। আদালতে মামলার জন্য সেখানে নিয়োগ করা যাচ্ছেনা। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী ২৯ শে জুলাই এর মধ্যে কোথায় কত শূন্য পদ আছে তা বিস্তারিতভাবে হলফনামা জমা দিতে হবে স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব কে। বিচারপতি বলেছেন, ‘‘আমি জানতে চাই বেকারদের জন্য কত পদ খালি রয়েছে।’’
‘আদালতের জন্য চাকরি হচ্ছে না?’ ১৮ হাজার শূন্যপদের হিসাব চাইলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাদ্রাসা এবং হাই মাদ্রাসা—এই সব মিলিয়ে রাজ্যে ঠিক কত শূন্য পদ রয়েছে, তা আগামী কালের মধ্যে জমা দিতে হবে। এদিন বিচারপতি বলেন, ”দুর্ভাগ্যজনক হল, বিচারব্যাবস্থাকে রাজনৈতিক র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে।” এখন দেখার রাজ্য সরকার আগামী কাল শূন্যপদের কী হিসেব আদালতে জমা দেয়।



