সুপ্রিম কোর্টে শুনানি সোমবার সকালে, বিকেল থেকে ফের কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের!!

"হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করেই আমরা সোমবার বিকেল থেকে রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতি করব।" জানালেন জুনিয়র ডাক্তাররা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের হাসপাতালগুলিতে আবারও কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন জুনিয়র ডাক্তাররা। পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে শুক্রবার রাতের ঘটনার পর থেকেই ডাক্তার ও নার্সদের উপর আক্রমণের প্রতিবাদে কর্মবিরতি চলছে। রোগীর মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের দ্বারা হাসপাতালের চতুর্থ তলায় হামলা, চিকিৎসক ও নার্সদের মারধর এবং ওয়ার্ডে ভাঙচুরের ঘটনার জেরে সেখানকার ডাক্তাররা নিরাপত্তার অভাবের কথা জানিয়ে এই আন্দোলনে নেমেছেন।

এই ঘটনার পর শনিবার পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (WBJDF) প্রতিনিধিরা হাসপাতালে উপস্থিত হন এবং আক্রান্ত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন কিঞ্জল নন্দ এবং দেবাশিস হালদার সহ অন্যান্য সদস্যরা। শনিবার দুপুরে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া হাসপাতালে যান এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বৈঠক করেন। যদিও তাদের আশ্বাসে সন্তুষ্ট নন সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা।

জুনিয়র ডাক্তারদের দাবি, তাঁরা আগে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবের কাছ থেকে নিরাপত্তা সংক্রান্ত আশ্বাস পেয়ে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনও পরিবর্তন দেখা যায়নি। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ বলে তাঁরা অভিযোগ করেন। ডাক্তারদের ১০ দফা দাবি মেনে না নিলে এই কর্মবিরতি চলবে বলে স্পষ্ট জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে, সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিক্যাল কলেজ সম্পর্কিত মামলার শুনানি রয়েছে। সেখানেই রাজ্য সরকার হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কী অবস্থান নেয় এবং আদালত কী নির্দেশ দেয়, তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে জুনিয়র ডাক্তাররা।

একজন জুনিয়র ডাক্তারের কথায়, “হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করেই আমরা সোমবার বিকেল থেকে রাজ্যজুড়ে পূর্ণ কর্মবিরতি করব।”

এছাড়াও, জুনিয়র ডাক্তাররা রবিবার সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক দিয়েছেন। মিছিলটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ থেকে শুরু হয়ে ডানলপ মোড় পর্যন্ত যাবে। তাঁরা সমাজের সকল স্তরের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, যাতে তাঁদের এই আন্দোলনে সমাজের সমর্থন পান। পরিস্থিতি এখনও উত্তপ্ত, এবং রাজ্যজুড়ে ডাক্তারদের কর্মবিরতির সম্ভাবনা বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত