নজরবন্দি ব্যুরো: আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিতে চলেছে বিজেপি। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আসছেন রাজ্যে। রবিবার ফিরে যাওয়ার দিনই আবার কলকাতায় ডেকেছেন বৈঠক। সেই বৈঠকে অবশ্যই উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নাড্ডার গোটা সফরেই ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তিনি। সেই বৈঠকে ইতিমধ্যেই ডাক পেয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু, সদ্য সর্বভারতীয় সহ-সভাপতি পদ হারানো দিলীপ ঘোষকে কি নাড্ডার বৈঠকে ডেকেছে গেরুয়া শিবির?


বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন নাড্ডার বৈঠকে। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত ২৯ জুলাই। তারপর এই প্রথম জেপি নাড্ডার মুখোমুখি হতে চলেছেন মেদিনীপুরের সাংসদ। এর আগে সংসদে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে দু’জনেই উপস্থিত থাকলেও, তাঁদের মধ্যে কথা হয়নি বলেই সূত্রের খবর। সেই অনুযায়ী আগামী রবিবারই কথা হবার সম্ভাবনা রয়েছে নাড্ডা ও দিলীপের।

শুক্রবারই দিল্লি থেকে রাতের বিমানে কলকাতায় আসছেন জেপি নাড্ডা। দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়ার নেপথ্যে নাড্ডার প্রভাব রয়েছে বলে অসমর্থিত সূত্রের খবর। তবে, বিজেপি সরাসরি জানিয়েছিল, ব্যাপারটা মোটেও তা নয়, লোকসভা নির্বাচনে যাতে সাংসদরা নিজেদের এলাকায় প্রচার এবং সংগঠন মজবুতিতে যাতে যথেষ্ট সময় পান সে কারণেই তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আর বিজেপির সর্বভারতীয় প্রতিনিধিদের তালিকা দেখলেও বোঝা যায়, গেরুয়া শিবিরের বয়ান খুব অসমর্থনযোগ্য নয়। কারণ, দিলীপ ঘোষ ছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে যারা প্রার্থী হবেন, ভিনরাজ্যেরও, তাঁদের বেশিরভাগকেই সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার থেকে বিজেপির সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের পঞ্চায়েত কর্মশালা হবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। শনিবার মূলত কর্মশালা নিয়েই ব্যস্ত থাকবেন নাড্ডা। পরের দিন রাজ্য বিজেপির সব ক’টি মোর্চার নেতৃত্বকে নিয়ে তিনি বৈঠকে বসতে পারেন। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও আন্দামান-নিকোবরের জেলা পরিষদ বা স্বসাশিত সংস্থায় নির্বাচিত বিজেপি প্রতিনিধিরা অংশ নেবেন এই কর্মশালায়। থাকবেন উত্তর-পূর্বের সব রাজ্যের একই স্তরের জনপ্রতিনিধিরাও। দু’দিনের এই কর্মশালায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা রাখার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কোলাঘাটের কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি নাড্ডা রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে পারেন।


রবিবার গেরুয়া নেতাদের ভোট কৌশল শেখাবেন নাড্ডা, ছায়াসঙ্গী সুকান্ত। ডাক পেলেন শুভেন্দুও।








