DA আন্দোলনের মঞ্চে যোগ দিলেন চাকরিহারারা, এবার কী তাহলে যৌথ আন্দোলন?

ডিএ আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর বৈঠকে কারা ‘যোগ্য’ আর কারা ‘অযোগ্য’ তা নিয়েই বিতর্কে চাকরি হারানো প্রার্থীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

DA হারে কেন্দ্রীয় বেতন কাঠামোর দাবিতে চলতে থাকা আন্দোলনে নতুন মোড়— এবার সেই সংগ্রামী যৌথ মঞ্চে দেখা গেল চাকরি হারানো প্রার্থীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর আসন্ন বৈঠকের প্রেক্ষিতে, চাকরিহারাদের তরফে তোলা হল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন— “উনি কাদের সঙ্গে বসতে চাইছেন? যোগ্যদের, না অযোগ্যদের?”

চাকরি হারানো এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। দুর্নীতির মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে একসাথে বসা আমাদের পক্ষে অসম্ভব।”

আর এক জীবন বিজ্ঞানের শিক্ষক প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রী কি যোগ্য প্রার্থীদের একটি পৃথক তালিকা প্রকাশ করবেন? না কি এখনও অযোগ্যদের পক্ষেই থাকবেন?”

চাকরিহারাদের বক্তব্য অনুযায়ী, ‘বঞ্চিত’ শব্দটি মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা তৈরির জন্য ব্যবহার করেছেন। এই শব্দের ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত, আন্দোলনের অবস্থান জারি থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।

যদিও সংগ্রামী যৌথ মঞ্চের কোনও প্রতিনিধি এদিন উপস্থিত ছিলেন না, তবুও DA আন্দোলন এবং SSC দুর্নীতি বিরোধী আন্দোলন যেন এখন এক জায়গায় এসে মিশেছে।

এরই মধ্যে, ৭ এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর ডাকে উপস্থিত থাকবেন চাকরিহারারা। তাঁরা মুখিয়ে আছেন মমতার কাছ থেকে স্পষ্ট বার্তা পাওয়ার আশায়। পাশাপাশি, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্যমঞ্চ-এর পক্ষ থেকে নবান্ন অভিযান-এর ডাকও দেওয়া হয়েছে।

এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক মহলে বাড়ছে চাপ। মুখ্যমন্ত্রী কী সিদ্ধান্ত নেন, এবং কার পাশে দাঁড়ান— আপাতত সেই দিকেই নজর গোটা রাজ্যের।

(ছবি টিভি ৯ বাংলার সৌজন্যে)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন