নজরবন্দি ব্যুরোঃ শনিবার অর্থাৎ আগামীকাল থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট। এর আগে মোহালি টেস্টে বড় ব্যবধানে জিতেছে ভারত। তাই গোলাপি বলের টেস্টের আগে আপাত দৃষ্টিতে দল সেট মনে হলেও চোট-আঘাতের সমস্যা রয়েছে। যদিও সবকিছু উপেক্ষা করেই বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে নামছে টিম ইন্ডিয়া। একে গোলাপি বলের টেস্ট তার ওপর দিন রাতের খেলা। কিছুটা অস্বস্তি রয়েছে টিমের মধ্যে, কারন ভারতীয় দল খুব বেশি দিন রাতের টেস্ট খেলেনি।
আরও পড়ুনঃ বাজেটে নেই হবু শিক্ষকদের প্রসঙ্গ, ধর্নামঞ্চে আন্দোলনকারীদের পাশে শুভেন্দু অধিকারী


এর আগে টিম ইন্ডিয়া ইডেন, অ্যাডিলেড এবং মোতেরাতে মাত্র তিনটে দিন রাতের টেস্ট খেলেছে। শনিবার গার্ডেন সিটিতে চতুর্থ টেস্ট খেলতে নামবে রোহিত অ্যান্ড কোং। এর আগে মোহালিতে তিন দিনেই ম্যাচ শেষ করে দিয়েছিল ভারত। তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস তুঙ্গে টিমের প্রত্যেক সদস্যের।
যদিও ধারে ভারে ভারত অনেক এগিয়ে থাকলেও শনিবার পরিবেশ অনেকটাই আলাদা থাকবে। দিন রাতের গোলাপি বলের টেস্ট খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই দুই দলেরই। তাই মোহালিতে প্র্যাকটিস চলাকালীন গোলাপি বলেই অনুশীলন করেছেন বিরাটরা।
গোলাপি বল, দিন রাতের খেলা। ভারত-শ্রীলঙ্কার বেঙ্গালুরু টেস্টকে বাড়তি আকর্ষণের কেন্দ্র বিন্দু করে তুলেছে। জসপ্রীত বুমরাহ কাছে অ্যাসিড টেস্ট হল গোলাপি বলের চ্যালেঞ্জ। ভারতীয় দলের সহ অধিনায়ক বলছেন, দিন রাতের টেস্ট ক্রিকেট সম্পর্কে তাঁরা পুরোপুরি ওয়াকিবহাল নন। অনেক কিছু শিখেছেন গত দুই গোলাপি টেস্ট থেকে। তবে শেখার আরও অনেক বাকি।


আগামীকাল থেকে শুরু হচ্ছে গোলাপি বলের টেস্ট, ‘বাড়তি সুইং’ নিয়ে আত্মবিশ্বাসী বুমরাহ।

শুক্রবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বুমরাহ জানান, মানসিক অ্যাডজাস্টমেন্ট গুরুত্বপূর্ণ। গোলাপি দ্রুত নড়াচড়া করে। ফিল্ডিংয়ের সময় তাড়াতাড়ি চলে আসে। নৈশালোকে ফিল্ডিংও সহজ নয়। সুইংয়ের ক্ষেত্রেও বৈচিত্র্য। দুপুরে সেভাবে সুইং করে না। বিকেলে ঠিক উলটো। তাই টিমের কে কীভাবে প্রস্তুতি নেবে, সেটা নিজের ওপর নির্ভর করে। গোলাপি বলের গতি বেশি। রাতে বাড়তি সুইং মেলে। দুপুরের প্রথম সেশনে আবার সেই সুবিধা নেই। তবে আমি আত্মবিশ্বাসী।







