যাদবপুরে আন্দোলনের নামে ঐতিহ্যে আঘাত! ভেঙে পড়ল নন্দলাল বসুর নকশা করা প্রতীকের অংশ

ABVP-SFI সংঘর্ষ ও পালটা বিক্ষোভে বৃহস্পতিবার ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অশান্তির মধ্যে ক্ষতিগ্রস্ত নন্দলাল বসুর নকশা করা ঐতিহাসিক প্রতীকের অংশ, বাড়ল নিরাপত্তা প্রশ্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাতভর সংঘর্ষের পর বৃহস্পতিবারও থামল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) অশান্তি। SFI, AIDSO-সহ বামপন্থী ছাত্র সংগঠন এবং ABVP-র পালটা কর্মসূচিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সামনে ফের উত্তেজনা ছড়ায়। তারই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যমণ্ডিত লোহার প্রতীকের একাংশ ভেঙে মাটিতে পড়ে যায় বলে অভিযোগ। নন্দলাল বসুর (Nandalal Bose) নকশা করা সেই প্রতীকের ভাঙা অংশ মাটিতে পড়ে থাকার ছবি ঘিরে ক্ষোভ তৈরি হয়েছে পড়ুয়া, অধ্যাপক ও প্রাক্তনীদের একাংশের মধ্যে।

বৃহস্পতিবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট এবং ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুই পক্ষের জমায়েত ঘিরে উত্তেজনা তৈরি হয়। গেটের উপরে উঠে পড়া, ডিম ও জলের বোতল ছোড়ার মতো ঘটনাও সামনে আসে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক জায়গায় ব্যারিকেড বসায়। কিন্তু দুই পক্ষের পালটা স্লোগান ও মিছিলের জেরে বার বার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এই অশান্তির মধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রতীকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নকশা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীকের সঙ্গে প্রতিষ্ঠানের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য গভীর ভাবে জড়িত। প্রদীপের তিনটি শিখা, তার চারপাশে গোলক এবং পদ্মের পাপড়ির নকশা রয়েছে প্রতীকে। বাংলা ও হিন্দিতে বিশ্ববিদ্যালয়ের নামও খোদাই করা রয়েছে।

প্রতীকের পদ্মের পাপড়িগুলিই এ দিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। চারুকলা, ললিতকলা এবং সংস্কৃতির প্রতীক হিসেবে ধরা হয় এই পদ্মপাপড়িকে। ফলে ঐতিহাসিক সেই প্রতীকের অংশ মাটিতে পড়ে থাকার ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও শিক্ষক মহলের একাংশ।

বুধবার জেনারেল বডি মিটিংকে কেন্দ্র করে প্রথমে ক্যাম্পাসের ভিতরে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মারামারি, হুমকি, পালটা অভিযোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একটি অংশে ছাত্রদের আটকে রাখার অভিযোগ ওঠে। আগুন জ্বালানোর ঘটনাও সামনে আসে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার রাতের ঘটনার পর বৃহস্পতিবার পৃথক কর্মসূচির ডাক দেয় SFI এবং ABVP। ABVP-র কর্মসূচি ছিল গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল। কিন্তু গোলপার্ক-যাদবপুর সংযোগকারী রাস্তার একটি অংশ পুলিশ বন্ধ করে দিলে মিছিল আটকে যায়।

অভিযোগ, পুলিশের বাধা এড়াতে ABVP-র আন্দোলনকারীদের একাংশ ডিভাইডার টপকে বিপরীত লেনে চলে আসেন। এরপর পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। একাংশ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। ব্যারিকেড সরানোর চেষ্টাও হয়। পরে থানার সামনে দুই দিকের রাস্তা বন্ধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা।

অন্যদিকে, যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে SFI, AIDSO-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির জমায়েত ছিল। পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা গার্ডরেল সরিয়ে এগোনোর চেষ্টা করেন বলে অভিযোগ। সেখানেও শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ধরে টানাটানি এবং পালটা স্লোগানে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

সবচেয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে। গেট বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে কলকাতা পুলিশের পাশাপাশি RAF এবং কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করেও দুই পক্ষের জমায়েত নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হয়।

দু’দিন ধরে চলা এই অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjeeb Bhattacharya)। তাঁর বক্তব্য, গোটা ক্যাম্পাস CCTV-র নজরদারির মধ্যে রয়েছে। তবে যাদবপুরের সংস্কৃতি মেনে এতদিন ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট রাখা হয়নি।

উপাচার্যের মতে, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে পুলিশ আউটপোস্ট থাকলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতে পারে। প্রয়োজন হলে পুলিশ আউটপোস্ট করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সম্ভাবনাও জানিয়েছেন উপাচার্য।

যাদবপুরের সাম্প্রতিক অশান্তি নিয়ে আচার্য এবং উচ্চশিক্ষা দফতরের কাছেও রিপোর্ট পাঠানো হবে বলে জানিয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য। ফলে ছাত্র সংগঠনগুলির সংঘর্ষের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা এবং ঐতিহ্য রক্ষার প্রশ্নও এখন সামনে চলে এসেছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতীকের অংশ ভেঙে পড়ার ঘটনা তাই নিছক সম্পত্তির ক্ষতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আন্দোলনের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সম্পত্তি এবং ক্যাম্পাসের নিরাপত্তা কী ভাবে রক্ষা করা যায়—দু’দিনের অশান্তির পর সেই প্রশ্নই আরও জোরালো হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর