গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে কি বাস্তব হতে চলেছে সমস্ত জল্পনা? আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটে দাঁড়াবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Bollywood Actor Akshay Kumar), এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্রে। ইতিমধ্যেই দু পক্ষের আলোচনা শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই বিজেপিতে যোগ দিতে পারেন খিলাড়ি কুমার।



আরও পড়ুন: সাংসদ পদে ইস্তফা! আর নয় রাজনীতি, এবার ফের ক্রিকেট, জানালেন গম্ভীর
সূত্রে খবর, দিল্লির একটি আসন থেকে অক্ষয় কুমারকে (Akshay Kumar) প্রার্থী করতে পারে বিজেপি। চাঁদনি চক থেকেই ভোটে দাঁড়াবেন অভিনেতা। দিল্লিতে অক্ষয়ের নাম বিবেচনা করার পিছনে কারণ হিসেবে বলা হচ্ছে ছোটবেলাটা দিল্লিতেই কেটেছে অভিনেতার। এরপর তিনি মুম্বই (Mumbai) যান। নিজের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘চাঁদনি চকের একটি ছোট বাড়িতে পরিবারের চব্বিশ সদস্যের সঙ্গে থাকতেন।’ যেখানে নিজের শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন সেখানেই এবার তাঁকে দেখা যেতে পারে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে। গুরুদায়িত্ব আসতে চলেছে তাঁর কাঁধে।



দিল্লিতে লোকসভার আসন সংখ্যা ৭। ২০১৪ এবং ২০১৯- পরপর দুবারই রাজধানীতে সবকটি আসনে জয় পেয়েছিল বিজেপি। ২০২৪-এই হ্যাটট্রিক করার লক্ষ্যে তারা। অন্যদিকে, আপ ও কংগ্রেস ৪:৩ আসন সমঝোতা করে ফেলেছে। তাদের টক্কর দিতে চমক আনতেই পারে পদ্ম শিবির।
লোকসভা নির্বাচনে তারকা চমক, বিজেপির টিকিটে প্রার্থী হবেন অক্ষয় কুমার?

একদিকে অক্ষয় কুমারের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা জোরালো হচ্ছে, সেই সময়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বিজেপির সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir) রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান। ২০১৯-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পূর্ব দিল্লির আসন থেকে জয় পান। তবে এবার ক্রিকেট সংক্রান্ত দায়িত্বে মনোযোগ দিতে আর ভোটে না দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছেন গৌতম।







