ইরানের যুদ্ধজাহাজ IRIS Lavan-কে আশ্রয় দিল ভারত, নৌবাহিনীর সুরক্ষায় নিরাপদে ১৮৩ জন নাবিক

ইরানের অনুরোধে কোচি বন্দরে ভিড়ল IRIS Lavan। ১৮৩ নাবিককে নৌঘাঁটিতে আশ্রয় দিল ভারত, অন্যদিকে শ্রীলঙ্কায় আশ্রয় নিয়েছে ইরানের আরেক যুদ্ধজাহাজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারত সরকারের অনুমতি পাওয়ার পর ইরানের যুদ্ধজাহাজ IRIS Lavan কেরালার কোচি বন্দরে নোঙর করেছে। জাহাজে থাকা ১৮৩ জন নাবিককে ভারতীয় নৌবাহিনীর তত্ত্বাবধানে কোচির নৌঘাঁটির বিভিন্ন সুবিধায় রাখা হয়েছে বলে সরকারি সূত্রের দাবি। সংবাদসংস্থা PTI ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সরকারি সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে, ৪ মার্চ IRIS Lavan কোচি বন্দরে পৌঁছায়। জাহাজে থাকা ১৮৩ জন ক্রু সদস্য বর্তমানে কোচিতে ভারতীয় নৌবাহিনীর সুরক্ষায় নিরাপদে অবস্থান করছেন। আন্তর্জাতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও মানবিক কারণেই এই অনুমতি দিয়েছে ভারত সরকার বলে জানা গেছে।

এই ঘটনার পেছনে রয়েছে ভারত মহাসাগরে সাম্প্রতিক এক বড় সামরিক উত্তেজনা। শ্রীলঙ্কার কাছাকাছি ভারত মহাসাগরের জলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ IRIS Dena ডুবে যায়। সেক্ষেত্রে বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়ে ভারত। এই অবস্থায় IRIS Lavan কে আশ্রয় দিয়ে মানবিকতার নজির গড়ল ভারত।

একই সময়ে ইরানের আরও একটি যুদ্ধজাহাজ IRIS Bushehr শ্রীলঙ্কার কাছে আশ্রয় নেয়। শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার বুদ্ধিকা সম্পথ জানিয়েছেন, জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি দেশের জলসীমার বাইরে নোঙর করে সাহায্য চেয়েছিল।

পরিস্থিতি সামাল দিতে শুক্রবার শ্রীলঙ্কা নৌবাহিনী জাহাজটি থেকে ২০০-রও বেশি নাবিককে নিরাপদে তীরে নিয়ে আসে। তাঁদের রাজধানী কলম্বোর কাছে ওয়েলিসারা নৌঘাঁটিতে রাখা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও প্রায় ১৫ জন নাবিক জাহাজে রয়েছেন, এবং তাঁদের সহায়তার জন্য শ্রীলঙ্কা নৌবাহিনীর সদস্যরাও জাহাজে অবস্থান করছেন।

শ্রীলঙ্কা নৌবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাহাজটিকে শীঘ্রই পূর্ব শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ বন্দর ত্রিনকোমালিতে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে রাখা হবে।

ভারত মহাসাগরে এই ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত