ইরানের যুদ্ধজাহাজে মার্কিন টর্পেডো হামলা ঘিরে নতুন করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ভারত মহাসাগরে। শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’ ডুবিয়ে দেওয়ার ঘটনায় এবার সরাসরি দায় স্বীকার করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ জানিয়েছেন, মার্কিন ডুবোজাহাজ থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতেই ডুবে গেছে ওই জাহাজ। এই হামলায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে, যদিও কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার ভোরে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে এই হামলার ঘটনা ঘটে। প্রথমদিকে শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যায়, কোনও অজ্ঞাত ডুবোজাহাজ থেকে ইরানের যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। তবে হামলার উৎস নিয়ে তখনও স্পষ্ট কিছু জানা যায়নি। পরে মার্কিন সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদসংস্থা জানায়, মার্কিন ডুবোজাহাজই ওই হামলা চালিয়েছে।
এর কিছুক্ষণের মধ্যেই পেন্টাগনে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ ঘটনাটি কার্যত স্বীকার করে নেন। তিনি বলেন, “ইরানের ওই যুদ্ধজাহাজ ভেবেছিল আন্তর্জাতিক জলসীমায় থাকলে তারা নিরাপদ থাকবে। কিন্তু মার্কিন ডুবোজাহাজ থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে।”
হেগসেথ আরও দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকা সরাসরি টর্পেডো হামলা চালিয়ে শত্রুপক্ষের কোনও যুদ্ধজাহাজ ডুবিয়েছে। তাঁর কথায়, আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করলেও ইরানের জাহাজটি নিরাপদ ছিল না।
শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিতা হেরাথ সংসদে জানিয়েছেন, ইরানের যুদ্ধজাহাজটিতে মোট প্রায় ১৮০ জন নাবিক ও সেনা সদস্য ছিলেন। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণের বন্দর শহর গল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। হামলার পর ভোর ৫টা ৮ মিনিটে জাহাজটি থেকে শ্রীলঙ্কার নৌবাহিনীর কাছে সাহায্যের বার্তা পাঠানো হয়।
এরপর দ্রুত উদ্ধার অভিযান শুরু করে শ্রীলঙ্কার নৌবাহিনী। ডুবন্ত যুদ্ধজাহাজ থেকে অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও বহু নাবিক নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরে এই হামলা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে আরও অস্থির করে তুলতে পারে এবং আমেরিকা-ইরান সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পেতে পারে।



