নজরবন্দি ব্যুরো: শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় শেষ। সিনেপ্রেমিদের স্বাগত জানাতে তৈরি ২৯ তম আন্তর্জাতিক চলচিত্র উৎসব। সেজে উঠেছে নন্দন চত্বর। বুধবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে সাংবাদিক বৈঠক করে উৎসব কর্তৃপক্ষ জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের ভাবনায় এবারের থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। আগামী ৫ ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন সলমন খান, অনিল কপূর, কমল হাসান, শত্রুঘ্ন সিন্হা, সোনাক্ষী সিন্হা, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেশ ভাট। শহরের ২৩ টি প্রেক্ষাগৃহে ২১৯টি ছবি প্রদর্শিত হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
আরও পড়ুন:ফের গ্যাংস্টারের হুমকির সম্মুখীন Salman Khan , ভাইজানের নিরাপত্তা নিয়ে বাড়ছে তোড়জোড়



বুধবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা-সহ উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, গৌতম ঘোষ, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, সোহম চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায় প্রমুখ।গত কয়েক বছরে কলেবর এবং গুণগত মানের দিক থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব যে আরও উন্নত হয়েছে সে কথা জানিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘‘পৃথিবীর অন্য কোনও চলচ্চিত্র উৎসবে একসঙ্গে ১৫ হাজার মানুষ সিনেমা দেখেন না। মুখ্যমন্ত্রীর ভাবনাতেই সেটা সম্ভব হয়েছে।’’



এই প্রথম উৎসবের ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে পুরস্কার দেওয়া হবে । সঙ্গে থাকছে সাড়ে সাত লক্ষ টাকার পুরস্কারমূল্য এবং গোল্ডেন রয়্যাল বেঙ্গল ট্রফি। এ বছর উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ স্পেন। ‘স্পেশ্যাল ফোকাস কান্ট্রি’ অস্ট্রেলিয়া।উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ, শৈলেন্দ্রকে। ‘হোমেজ’ বিভাগে সৌমেন্দু রায়-সহ আরও ৪ ব্যক্তিত্বের ছবি দেখানো হবে। ৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক ’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের।
মুখ্যমন্ত্রীর ভাবনায় ‘থিম সং’ অরিজিতের কণ্ঠে, কী কী চমক থাকছে এ বার 29th KIFF এ ?

উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ এবং গগনেন্দ্র প্রদর্শন শালায় দেব আনন্দকে নিয়ে এভার গ্রিন দেব আনন্দ’ শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, উৎসবে ‘মাস্টার ক্লাস’-এ অংশ নেবেন অভিনেতা সৌরভ শুক্ল, মনোজ বাজপেয়ী এবং পরিচালক সুধীর মিশ্র। উৎসবে তাঁর চর্চিত ছবি ‘কেনেডি’র প্রদর্শন উপলক্ষে উপস্থিত থাকবেন পরিচালক অনুরাগ কাশ্যপ। উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।







