রবিবার প্রতিবাদের আরেক ছবির সাক্ষী থাকল শহর কলকাতা। মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আন্দোলনে বসেছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীরা। আজ তাদের আন্দোলন ৫০০ দিনে পা দিল। সেই চাকরীপ্রার্থীরা মুখে কালি মেখে, পিঠে চাবুক মেরে প্রতিবাদ জানালেন। এর আগে এসএলএসটি চাকরী প্রার্থীদের আন্দোলন যেদিন ১০০০ দিনে পরেছিল সেদিন তারা মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছিল।



আরও পড়ুন : নরেন্দ্র মোদীর আহ্বানে স্বচ্ছতা অভিযানে যোগ সুকান্তর, পুজো দিলেন জগন্নাথ মন্দিরে
চাকরীপ্রার্থীরা বলেন, “জানি না আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে। আর কতদিন চোখের জল এভাবে যাবে? দুর্নীতি করে স্কুল দখল নিয়ে বসে আছে, আর আমরা রাস্তায় বসে প্রাপ্য চাকরির জন্য হাহাকার করছি। আমাদের জীবনে আর আঘাতের কী বাকি আছে? ৯টা বছর তো এমনিই কেড়ে নিয়েছে। আমরা বাবা-মায়ের মুখের দিকে তাকাতে পারি না। এই চাবুকের আঘাত আসলে সরকারের চাবুকের আঘাত যা দেখা যায় না। মুখের কালি প্রতীকী। সংগঠিত অপরাধীদের এই কালি।”

মুখে কালি – পিঠে চাবুক, ৫০০ দিনে টেট চাকরীপ্রার্থীদের আন্দোলন
চাকরীপ্রার্থী অরুণিমা পাল বলেন, “আমাদের বিচারালয়ে যেতে হবে কেন? চাকরির বিজ্ঞপ্তি কি বিচারালয় দিয়েছিল? নিয়োগপত্র কি বিচারালয় দেবে? সেখানে দোষ-নির্দোষ প্রমাণ হয়। নোটিফিকেশন দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুর্নীতি হয়েছে আর তার পেনাল্টি আমরা সাধারণ চাকরিপ্রার্থীরা দেব কেন?” এদিন আন্দোলনরত চাকরীপ্রার্থীদের সাথে দেখা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।










