নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোটের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করছেন নির্দল প্রার্থী। প্রচারে বেরিয়ে ভোটারদের বলছেন তাঁকে ভোট দিতে। এ কী কাণ্ড! হচ্ছে টা কী? রবিবার এমন দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এই ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।
আরও পড়ুন: শুভেন্দুর সুরে মমতাকে আক্রমণ করছে অধীর! বিস্ফোরক Abhishek Banerjee
কোলাঘাটের পঞ্চায়েত সমিতির নির্দল প্রার্থী অচিন্ত্য সামন্ত। দীর্ঘদিন ধরেই বিজেপির কর্মী হিসেবে এলাকায় পরিচিত। কিন্তু পঞ্চায়েত ভোটে দল তাঁর বদলে অন্য একজন বিজেপি কর্মীকে প্রার্থী করেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই নির্দল হয়ে ভোটে লড়তে নামেন অচিন্ত্য। কিন্তু বিজেপির টিকিটে না লড়লেও বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে প্রচার চালাচ্ছেন তিনি। এনিয়ে তাঁর বক্তব্য, তিনি মনে প্রাণে বিজেপি শিবিরের। তাই সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছেন জেলা পরিষদ ও পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিন। কিন্তু পঞ্চায়েত সমিতির ভোটটা বিজেপি প্রার্থীকে না দিয়ে তাঁকে দিতে।

এদিকে অচিন্ত্য সামন্তর এই পন্থার জেরে পঞ্চায়েত ভোটের মুখেই অস্বস্তিতে পড়েছে বিজেপি। এনিয়ে বিজেপির জেলা সহ সভাপতি জানিয়েছেন, “সময় থাক্তেই যদি এই ধরনের কার্যকলাপ বিজেপি সমর্থিত ওই প্রার্থী শুধরে না নেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” যদিও ওই বিজেপি কর্মী এবং আসন্ন ভোটের নির্দল প্রার্থীর দাবি, তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী, আগামীদিনে এভাবেই লড়াই চালিয়ে যাবেন এবং নিজের ক্ষমতা দেখিয়ে দেবেন।”

উল্লেখ্য, ভোটের আগে দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে অনেক তৃণমূল কর্মী নির্দলের খাতায় নাম লিখিয়েছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন টিকিট না পেলে দলের বিরোধিতা করা যাবে না। তাঁর বার্তার পর শাসক শিবিরে বাড়ছে বহিষ্কারের তালিকা। রাজ্যজুড়ে এখনও পর্যন্ত প্রায় শতাধিক তৃণমূল নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিরোধী দল বিজেপিও একই পথে হেঁটেছে।
Suvendu Adhikari-র ছবি নিয়ে ভোট প্রার্থনা নির্দল প্রার্থীর, ব্যাপারটা কী?




