নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগে আজ শেষ রবিবার। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন। রবিবার মালদহের সুজাপুরে সভা করেছেন। সেই সভা থেকেই বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। এদিন পাটনার বিরোধী বৈঠকের প্রসঙ্গ টেনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ‘বিজেপির এজেন্ট’ বলেও কটাক্ষ করেন তিনি।
আরও পড়ুন: ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে, সুজাপুর থেকে কেন্দ্রকে আক্রমণ অভিষেকের


রবিবার মালদহের সভায় অধীর চৌধুরীকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “রাহুল গান্ধি পটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলছে এক সাথে চলব। আর এখানে, তাদের নেতা শুভেন্দু অধিকারীর সুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে৷ অধীর চৌধুরী বিজেপির সবচেয়ে বড় এজেন্ট৷” তিনি আরও দাবি করেন, “বিজেপি-র কোনও নেতার মুখে অধীর চৌধুরী সম্পর্কে কোনও বিরূপ শব্দ শোনা যায় না, তেমনই মোদি-শাহকে আক্রমণ করেন না অধীর চৌধুরীও৷” বহরমপুর কংগ্রেস সাংসদকে নিশানায় এনে অভিষেক আরও বলেন, “দিদির পুলিশে আস্থা নেই৷ দাদার পুলিশে আস্থা৷ দাদা কে? দাদা হল নরেন্দ্র মোদি৷ কোনও দিন মোদি-শাহকে অধীর চৌধুরী আক্রমণ করেনি৷ বিজেপির নেতাও আক্রমণ করেনি অধীর চৌধুরীকে৷ সুজন বাবু, বিমান বসুও করেনি৷ এঁদের আক্রমণ হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল।’’

বিজেপি এবং অধীর চৌধুরীকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, যারা বলেছিল আচ্ছে দিন আসছে৷ গ্যাসের দাম ৪০০ টাকা থেকে ১২০০ টাকা। কোনওদিন দেখেছেন অধীর চৌধুরী প্রতিবাদ করে বিজেপিরকে কিছু বলেছেন?” এমনকি অধীর কখনও ১০০ দিনের কাজের টাকা নিয়ে বৈঠক করেনি বলেও দাবি করেন অভিষেক। তিনি সাধারণ মানুষদের উদ্দেশে বলেন, “ভোট ভাগের পুনরাবৃত্তি যেন মালদায় না হয়৷ এই কংগ্রেস আপনাদের জন্য এখানে কিছু করেনি৷”



উল্লেখ্য, উত্তরবঙ্গ হল বিজেপির শক্ত ঘাঁটি। আর সেখানেই দুর্গ তৈরি করে পাল্টা আক্রমণের দাওয়াই দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও দীর্ঘদিন কংগ্রেসের হাতে থাকা সুজাপুর বিধানসভা একুশের নির্বাচনের পর তৃণমূলের হাতে এসেছে। জিতে বিধায়ক হয়েছেন মহম্মদ আব্দুল ঘানি। এদিন সুজাপুরের সভা থেকে অভিষেক বলেন, “ইডি সিবিআই আমার কাঁচকলা করেছে। বিচারব্যবস্থার একাংশকে কাজে লাগিয়েছে বিজেপি। ইডি সিবিআইকে কাজে লাগিয়েছে। কিন্তু আমার কিচ্ছু করতে পারেনি আর পারবেও না।”
শুভেন্দুর সুরে মমতাকে আক্রমণ করছে অধীর! বিস্ফোরক Abhishek Banerjee








